• ঢাকা
  • বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ২ পৌষ ১৪৩২, ২৫ জমাদিউস সানি ১৪৪৭

‘মেগা প্রকল্প চালু হলে বিএনপি শর্ষে ফুল দেখবে’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২১, ০৩:২২ পিএম
‘মেগা প্রকল্প চালু হলে বিএনপি শর্ষে ফুল দেখবে’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেছেন, আগামীতে যখন এক এক করে দেশের সব মেগা প্রকল্প চালু হবে, তখন বিএনপি চোখে শর্ষে ফুল দেখবে।

সোমবার (২৭ সেপ্টেম্বর) সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কৃষি ও সমবায়বিষয়ক উপকমিটি আয়োজিত বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভায় এ মন্তব্য করেন সেতুমন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, “বিএনপি ও তার দোসররা দেশের উন্নয়ন দেখে না, কারণ তারা দিনের আলোয় রাতের অন্ধকার দেখে।”

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, “আন্দোলন করে সরকার হটানোর দিবাস্বপ্ন দেখছে বিএনপি। অতীতের মতো যদি আগুন সন্ত্রাসের পুনরাবৃত্তি করা হয়, তাহলে বিএনপি আবারও পিছিয়ে যাবে।”

ওবায়দুল কাদের বলেন, “বাংলাদেশের রাজনীতিতে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার বিকল্প কে? টেমস নদীর ওপারে থেকে একজন পলাতক আসামিকে নেতা নির্বাচন করলে জনগণ তা মেনে নেবে না।”

সেতুমন্ত্রী আরও বলেন, “৭৫-পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে ঝুঁকিময় রাজনীতিকের নাম শেখ হাসিনা। এখনো ষড়যন্ত্রের বুলেট তাঁর পিছু ছাড়েনি, তবু বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা অকুতোভয়ে এগিয়ে যাচ্ছেন পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে।“

আওয়ামী লীগের কৃষি ও সমবায়বিষয়ক উপকমিটির চেয়ারম্যান কৃষিবিদ ড. মির্জা আবদুল জলিলের সভাপতিত্বে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আরো বক্তব্য রাখেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। অনুষ্ঠান সঞ্চালনা করেন কৃষি ও সমবায়বিষয়ক উপকমিটির সদস্য সচিব ফরিদুন্নাহার লাইলী।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!