৫ দিনের মধ্যে পণ্য ডেলিভারি বাধ্যতামূলক


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২১, ০৯:৩১ পিএম
৫ দিনের মধ্যে পণ্য ডেলিভারি বাধ্যতামূলক

ই-কমার্স প্রতিষ্ঠানগুলোকে এবার একই শহরের ভেতরে অগ্রিম অর্থ নেওয়ার ৫ দিনের ম‌ধ্যে ক্রেতাদের কাছে পণ্য ডেলিভারি দিতে হবে। আর ভিন্ন শহর বা গ্রামের ক্ষেত্রে পণ্য সরবরাহে সময় পা‌বে ১০ দিন।

বাণিজ্য মন্ত্রণালয়ের কেন্দ্রীয় ডিজিটাল কমার্স সেল এ বিষ‌য়ে গণবিজ্ঞপ্তি দি‌য়ে ক্রেতা ও বি‌ক্রেতা‌দের সতর্ক ক‌রে‌ছে।

গণবিজ্ঞপ্তি বলা হ‌য়ে‌ছে, সম্প্রতি বিভিন্ন ই-কমার্স প্রতিষ্ঠান কর্তৃক ভােক্তা সাধারণের নানাভাবে প্রতারিত হওয়ার তথ্য পাওয়া যাচ্ছে। এ সমস্যা নিরসনে সরকার ইতােমধ্যে ডিজিটাল কমার্স পরিচালনা নির্দেশিকা-২০২১ জারি করেছে। 

এ নির্দেশিকা অনুসারে অগ্রিম পরিশােধের ক্ষেত্রে ক্রেতা ও বিক্রেতা একই শহরে অবস্থান করলে ক্রয়াদেশ গ্রহণের পরবর্তী সর্বোচ্চ পাঁচ দিন এবং ভিন্ন শহরে বা গ্রামে অবস্থিত হলে সর্বোচ্চ ১০ (দশ) দিনের মধ্যে পণ্য ডেলিভারি দেওয়ার বিধান রাখা হয়েছে।

এছাড়া গ্রাহকের সুরক্ষার স্বার্থে পণ্য ডেলিভারি দেওয়ার পর পেমেন্ট গেটওয়ে হতে অর্থ ছাড়করণের জন্য বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্দেশনা দেওয়া হয়েছে। এক্ষেত্রে অনলাইন পেমেন্ট অপেক্ষাকৃত নিরাপদ।

এ অবস্থায় ডিজিটাল কমার্স পরিচালনাকারী প্রতিষ্ঠান থেকে সতর্কতার সঙ্গে দ্রব্যাদি ক্রয়ের জন্য ক্রেতা সাধারণকে অনুরােধ ক‌রে‌ছে বাণিজ্য মন্ত্রণালয়। 

একই সঙ্গে ডিজিটাল কমার্স প্রতিষ্ঠান ব্যবসায় পরিচালনায় ‘ডিজিটাল কমার্স পরিচালনা নির্দেশিকা ২০২১’ এর ব্যত্যয় পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওয়েবসাইট বন্ধ করাসহ অন্যান্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
 

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!