• ঢাকা
  • বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ২ পৌষ ১৪৩২, ২৫ জমাদিউস সানি ১৪৪৭

‘নতুন করে ৮৯ লাখ ডোজ টিকার বরাদ্দ পেয়েছে বাংলাদেশ’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২১, ১১:২১ এএম
‘নতুন করে ৮৯ লাখ ডোজ টিকার বরাদ্দ পেয়েছে বাংলাদেশ’

যুক্তরাষ্ট্র সফররত পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, “নতুন করে ৮৯ লাখ ডোজ করোনার টিকার বরাদ্দ পেয়েছে বাংলাদেশ।”

বুধবার (২২ সেপ্টেম্বর) প্রতিমন্ত্রী ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।

প্রতিমন্ত্রী ফেসবুক পোস্টে লিখেছেন, “কোভ্যাক্স-সুবিধার আওতায় নতুন করে ৭১ লাখ ডোজ ফাইজার ও ১৮ লাখ ডোজ মডার্নার টিকার বরাদ্দ পেয়েছে বাংলাদেশ। এই টিকা চলতি বছরের শেষ দিকে পাওয়া যাবে।”

শাহরিয়ার আলম আরও বলেছেন, “একই সময়ের মধ্যে বাংলাদেশ আরও টিকা পাবে বলে আশা করা যাচ্ছে।”  

বাংলাদেশকে নতুন করে টিকা বরাদ্দ দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র ও কোভ্যাক্সকে ধন্যবাদ জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

সোমবার (২০ সেপ্টেম্বর) লোটে নিউইয়র্ক প্যালেস হোটেলে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, “জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবার জন্য করোনার টিকা নিশ্চিতের বিষয়টিও তুলে ধরবেন। জনগণের কল্যাণের কথা বিবেচনা করে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে সশরীর নিউইয়র্ক এসেছেন। জনগণের কল্যাণে কোভিড-১৯, জলবায়ু পরিবর্তন এবং খাদ্য নিরাপত্তাবিষয়ক ইস্যুগুলো তুলে ধরবেন তিনি।”

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৩০ আগস্ট সংসদে বলেন, এখন পর্যন্ত (৩০ আগস্ট) ২৪ কোটি ৫৪ লাখ ৫২ হাজার ৭০০ ডোজ টিকা সংগ্রহের ব্যবস্থা নেওয়া হয়েছে। 

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!