১৬০টি ইউনিয়ন পরিষদের (ইউপি) অনুষ্ঠিত নির্বাচনে ভোট পড়েছে ৬৯ দশমিক ৩৪ শতাংশ।
এসব ইউপির মধ্যে ৪৪টিতে চেয়ারম্যান পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বিকেলে এ তথ্য জানান ইসির যুগ্ম সচিব এসএম আসাদুজ্জামান।
এর আগে সোমবার (২০ সেপ্টেম্বর) ১৬০টি ইউপিতে ভোট হয়েছে। মাঠপর্যায় থেকে পাঠানো তথ্য সমন্বয় করে এ সংক্রান্ত প্রতিবেদন তৈরি করেছেন সংস্থাটির উপ-সচিব মো. মিজানুর রহমান।
ইসির প্রতিবেদন অনুযায়ী, দেশের ১৬০ ইউপিতে মোট ভোটার সংখ্যা ২০ লাখ ৯৩ হাজার ১১৭ জন। এদের মধ্যে ভোট দিয়েছেন ১৪ লাখ ৫১ হাজার ৩০০ জন। অর্থাৎ ভোট পড়ার হার হচ্ছে ৬৯ দশমিক ৩৪ শতাংশ।
এদিকে আটটি ইউপিতে ভোট হয়েছে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। এতে ভোট পড়েছে ৬৯ দশমিক ৭৮ শতাংশ। আটটি ইউপির মোট ভোটার এক লাখ ৬২ হাজার ৯৭৯ জন। এদের মধ্যে এক লাখ ১৩ হাজার ৭২৫ জন ভোট দিয়েছেন।
সবচেয়ে বেশি ভোট পড়েছে খুলনার দাকোপে। এ ইউনিয়নে ছয় হাজার ৩৩৩ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন পাঁচ হাজার ৩৫০ জন। অর্থাৎ ভোট পড়ার হার ৮৪ দশমিক ৪৮ শতাংশ। এ ইউপিতে জয় পেয়েছেন আওয়ামী লীগের প্রার্থী বিনয় কৃষ্ণ রায়।
আর সবচেয়ে কম ভোট পড়েছে চট্টগ্রামের সন্দ্বীপের মুছাপুর ইউপিতে। এখানে ৩১ হাজার ৪০১ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১৩ হাজার ৭৪০ জন। অর্থাৎ ভোট পড়েছে ৪৩ দশমিক ৭৬ শতাংশ। জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মো. আবুল খায়ের।






























