আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, “জাতীয় সংসদ নির্বাচন আইন অনুযায়ী যথাসময়ে অনুষ্ঠিত হবে।”
শনিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সম্পাদকমণ্ডলীর সভার শুরুতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কথা বলেন।
পরে রুদ্ধদ্বার বৈঠকে বসেন আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সদস্যরা।
আমাদের দলের সম্মেলনও নির্ধারিত সময়ে হবে উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, “আওয়ামী লীগে আগাম সম্মেলনের নজির নেই।”
ওবায়দুল কাদের বলেন, “জাতীয় সংসদ নির্বাচন আসার আগেই বিএনপি নির্বাচন কমিশনকে বিতর্কিত করার চেষ্টা করছে। রাষ্ট্রপতির আহ্বানে ও সব দলের সঙ্গে আলোচনা করেই সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। সেখানে বিএনপিসহ সব দলের প্রতিনিধিত্ব ছিল। এবারও সব রকম গ্রহণযোগ্য পন্থায় নির্বাচন কমিশন গঠন করা হবে।”






























