ইভ্যালিকে দেউলিয়া ঘোষণার পরিকল্পনা ছিল রাসেলের: র‍্যাব


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২১, ০২:১৮ পিএম
ইভ্যালিকে দেউলিয়া ঘোষণার পরিকল্পনা ছিল রাসেলের: র‍্যাব

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালিকে দেউলিয়া ঘোষণার পরিকল্পনা করছিলেন প্রতিষ্ঠানটির মালিক মোহাম্মদ রাসেল। বিদেশি একটি ই-কমার্স সাইটকে লোভনীয় প্রস্তাব দিয়ে ইভ্যালির কার্যক্রম শুরু করলেও, পরে দেনার দায়ে জড়িয়ে পড়েন রাসেল। তার পরিকল্পনা ছিল ইভ্যালিকে ব্র্যান্ড হিসেবে দাঁড় করিয়ে পরে বিক্রি করে দেওয়া। কিন্তু দায়ের পরিমাণ বেড়ে যাওয়ার কারণে সেটা আর সম্ভব হয়ে ওঠেনি।

আজ শুক্রবার (১৭ সেপ্টেম্বর) র‌্যাবের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। 

খন্দকার আল মঈন বলেন, ‘তিনি বিভিন্ন সময়ে দায় মেটানোর অজুহাতে সময় নিয়েছেন, এটা তার একটি অপকৌশল মাত্র। সর্বশেষ তিনি দায় মেটাতে না পারলে দেউলিয়া ঘোষণা করার একটি পরিকল্পনা করেছিলেন।’

মঈন বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোহাম্মদ রাসেল আমাদের হাজার কোটি টাকার দেনার কথা জানান। ইভ্যালির দায় ও দেনা সম্পর্কে নানা প্রতিবেদনে জানা গেছে, ২০২১ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ইভ্যালির দায় ছিল ৪০৩ কোটি টাকা, যেখানে তাদের সম্পদ ছিল ৬৫ কোটি টাকা। বিভিন্ন সংস্থার এসব প্রতিবেদনের বিষয়ে গ্রেপ্তার রাসেল আমাদের কোনো সদুত্তর দিতে পারেননি।’

‘ইভ্যালি তার প্রতিষ্ঠালগ্ন থেকে একটি লোকসানি কোম্পানি। কোনো ব্যবসায়িক লাভ এ যাবৎ করতে পারেননি রাসেল। গ্রাহকদের অর্থে যাবতীয় ব্যয় নির্বাহ করতেন তিনি। ক্রমে ক্রমে তার দেনা বৃদ্ধি পেয়েছে।’ জানান খন্দকার আল মঈন।

গত বুধবার ই-কমার্স সাইট ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেলসহ ওই প্রতিষ্ঠানের বেশ কজন কর্মকর্তার বিরুদ্ধে গুলশান থানায় প্রতারণা মামলা করেন নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বগ্রাম এলাকার বাসিন্দা মো. আরিফ বাকের। 

পরে বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে রাসেল ও শামীমাকে গ্রেপ্তার করে র‌্যাব।

Link copied!