‘সাংবাদিকদের ব্যাংক হিসাব তলব নিয়ে তথ্যমন্ত্রীর প্রশ্ন’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২১, ০৪:০২ পিএম

১১ সাংবাদিক নেতার ব্যাংক হিসাব কেন তলব করা হয়েছে, তা জানতে চেয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, “সাংবাদিক নেতাদের যে ব্যাংক হিসাব তলব করা হয়েছে, সেটি আপনাদের মতো আমিও পত্রিকার পাতায় দেখেছি।”

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, “আমাকে সরকারের প্রতিনিধিত্ব করতে হচ্ছে, সাংবাদিকদেরও প্রতিনিধিত্ব করতে হচ্ছে। আমি চাই সবারই স্বার্থ রক্ষা করে কাজ করে যেতে।”

এ সময় ডিজিটাল নিরাপত্তা আইন সম্পর্কে মন্ত্রী বলেন, “এ আইন বিদেশেও আছে। তবে এটি নিয়ে সাংবাদিকদের চরিত্র হরণের অধিকার কারও নেই। কিন্তু অনেকেই সেই চেষ্টা করে যাচ্ছে।”

মন্ত্রী বলেন, “দেশে অনুসন্ধানী প্রতিবেদনের প্রয়োজন আছে। কিন্তু টেলিভিশনে দেখা যায় অনেক ক্ষেত্রে কারও ব্যক্তিগত বিষয় প্রকাশ হয়ে যায়। এক্ষেত্রে জনগণের যে ব্যক্তিগত অধিকার, তা খর্ব হয়। এসব বিষয়গুলো আমাদের মাথায় রাখা দরকার।”

হাছান মাহমুদ আরও বলেন, “করোনাকালে আমাদের মন্ত্রণালয়ের অব্যবহৃত অর্থ সাংবাদিক কল্যাণ ট্রাস্টে বরাদ্দ দিয়ে সাংবাদিকদের এককালীন সহযোগিতা করেছি। প্রধানমন্ত্রী প্রেসক্লাবে একবার বলেছিলেন, আমি কতদিন আছি জানি না, তবে আমি সাংবাদিকদের জন্য একটা স্থায়ী ব্যবস্থা করে দিতে চাই। এরই প্রেক্ষিতে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট তৈরি করা হয়েছে। ট্রাস্টের মাধ্যমে আমরা সাংবাদিকদের পরিবারসহ সহযোগিতা করার চেষ্টা করে যাচ্ছি।”

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন। প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও যুগান্তরের সম্পাদক সাইফুল আলম। বিএফইউজের সভাপতি মোল্লা জালাল উদ্দিন।


 

Link copied!