• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ১ পৌষ ১৪৩২, ২৪ জমাদিউস সানি ১৪৪৭

ইভ্যালির রাসেল-শামীমার বিরুদ্ধে মামলার আবেদন


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২১, ০৮:২৫ এএম
ইভ্যালির রাসেল-শামীমার বিরুদ্ধে মামলার আবেদন

ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে মামলার আবেদন করেছেন ভুক্তভোগী আরিফ বাকের।

বুধবার (১৫ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে রাজধানীর গুলশান থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর লিখিত আবেদন জমা দেন আরিফ। মামলা নেওয়া হবে কিনা এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি পুলিশ।

মামলার আবেদনে উল্লেখ করা হয়, ইভ্যালির চমকপ্রদ বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে আরিফ বাকের ও তার কয়েকজন বন্ধু চলতি বছরের মে ও জুন মাসে কিছু পণ্য অর্ডার করেন। সবু পণ্যের জন্য নির্ধারিত টাকাও পরিশোধ করেন তারা। তবে ৪৫ কর্মদিবসের মধ্যে পণ্য ডেলিভারি করার কথা থাকে। কিন্তু দিনের পর দিন পার হয়ে গেলেও পণ্য বুঝে পায়নি তারা। গত ৯ সেপ্টেম্বর ইভ্যালির ধানমন্ডির অফিসে পণ্য চাইতে গেলে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল ভুক্তভোগীকে পণ্য বুঝিয়ে না দিয়ে বরং ভয়-ভীতি দেখান।

এদিকে ইভ্যালির অফিস ধানমন্ডি থানা এলাকায় এবং ভুক্তভোগীর বাসা গুলশান এলাকা হওয়ায় মামলার আবেদনের বিষয়ে জটিলতা রয়েছে বলে জানায় পুলিশ। সকালে পুলিশের ঊর্ধ্বতন অফিসাররা মামলাটি কোন থানায় দায়ের করা হবে এ বিষয়ে সিদ্ধান্ত জানাবেন।

গত ২৬ আগস্ট দেওয়া হিসেবে ইভ্যালি জানিয়েছিল, গ্রাহকরা তাদের কাছে ৩১১ কোটি টাকা পাবেন। গ্রাহকের পাওনার সমপরিমাণ টাকা পণ্য কেনার জন্য অগ্রিম মূল্য বাবদ পরিশোধ করা হয়েছে। গত ১৯ আগস্ট ইভ্যালি বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে তাদের এই দায় ও সম্পদের তথ্য দেয়।

বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) সেলের মহাপরিচালক হাফিজুর রহমান জানান, ইভ্যালির দেনার পরিমাণ ৫৪২ কোটি ৯৯ লাখ টাকা। তাদের সম্পদের পরিমাণ দেখানো হয়েছে ১০৫ কোটি।

এদিকে ইভ্যালির ৫৪২ কোটি ৯৯ লাখ টাকার দেনার বিপরীতে ব্র্যান্ড ভ্যালু দেখানো হয়েছে ৪২২ কোটি ৬২ লাখ টাকা। অদৃশ্য সম্পদ দেখানো হয় ১৫ কোটি ৮২ লাখ টাকা এবং দৃশ্যমান সম্পদের হিসাব দেখানো হয়েছে ১০৫ কোটি ৫৪ লাখ ৫৩ হাজার ৬৪০ টাকা।

Link copied!