সাত দিনের মধ্যে অনিবন্ধিত দেশের সব অনলাইন নিউজ পোর্টাল বন্ধ করে দেওয়া সমীচীন হবে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ।
বুধবার (১৫ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় শেষে এ কথা বলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী।
এরই মধ্যে নিবন্ধনের জন্য কয়েক হাজার নিউজ পোর্টাল আবেদন করেছে। কিন্তু দীর্ঘ সময় চলে গেলেও অল্প কিছু গণমাধ্যমকে নিবন্ধনের আওতায় আনা হয়েছে। বাকিগুলোর বিষয়ে কী সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, জানতে চাইলে মন্ত্রী বলেন, “আবেদনের পর যাচাই-বাছাই করার জন্য আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাই। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এগুলো তদন্তকারী সংস্থাকে দেয়। সেটি শেষ করে না আসা পর্যন্ত তো আমরা নিবন্ধন দিতে পারি না। এ কারণেই সময় লাগছে।”
এদিকে অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল বন্ধে হাইকোর্টের নির্দেশের বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, “সাত দিনের মধ্যে সবগুলো বন্ধ করে দেওয়া সমীচীন হবে না। তবে অনেকগুলো বন্ধ করব, তা আদালতকে জানাব আমরা। সেই সঙ্গে আসলে কী প্রক্রিয়ায় রেজিস্ট্রেশন দেওয়া হয়েছে, সেটাও জানাব।”
এর আগে মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। আদালতের আদেশ পাওয়ার সাত দিনের মধ্যে বিটিআরসির চেয়ারম্যান ও প্রেস কাউন্সিলের চেয়ারম্যানকে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়।
এদিন বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট রাশিদা চৌধুরী নিলু ও ব্যারিস্টার জারিন রহমান।






























