গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, “পরীমনির মুক্তির জন্য হাইকোর্ট কথা বলেন, কিন্তু খালেদা জিয়ার মুক্তির জন্য কোনো ব্যবস্থা নেওয়া হয় না।”
শনিবার (৪ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের জহুরুল হক মিলনায়তনে সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় পার্টির চেয়ারম্যান কাজী জাফর আহমদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় পার্টির (জাফর) এক স্মরণসভায় তিনি এ মন্তব্য বলেন।
জাফরুল্লাহ বলেন, ‘‘হাইকোর্টের দুজন বিচারক পরীমনির ব্যাপারে এত প্রশ্ন উঠিয়েছেন, খালেদা জিয়ার জামিনের প্রশ্ন তুলছেন না কেন?’’
এ সময় আদালতের উদ্দেশে তিনি আরো বলেন, “পরীমনিকে জামিন দিয়েছেন, খালেদা জিয়াকে মিথ্যা মামলা থেকে মুক্তি দিন।”
জাফরুল্লাহ চৌধুরী আরো বলেন, ‘আজকে এত দিন পরেও খালেদা জিয়ার জামিন না দেওয়ার কী কারণ হতে পারে? কী আছে, কী করেছেন উনি? উনি তো চুরি করতে জানেন না? ওনার বড় অপরাধ হচ্ছে উনি চুরি করতে পারেন না। এটাই ওনার বড় অপরাধ। সেটা দিয়েও যখন সুবিধা হচ্ছে না। তখন নিত্যনতুন সমস্যা আনলেন। কবরের রাজনীতি শুরু করলেন।’
স্মরণসভায় সংগঠনের চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির (জাফর) ভারপ্রাপ্ত মহাসচিব আহসান হাবীব, বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল হক, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান প্রমুখ।






























