যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় নারী নিহত


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ২৮, ২০২১, ১১:৩৩ এএম
যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী বাসের ধাক্কায় শেফালী বেগম (৫০) নামের এক নারী নিহত হয়েছেন।

শুক্রবার (২৭ আগস্ট) রাতে মা ও শিশু হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। নিহত শেফালী বেগমের বাড়ি দিনাজপুর জেলায়। তিনি মাতুয়াইল মেডিকেল মুসলিম নগর এলাকায় থাকতেন। মা ও শিশু হাসপাতালের পাশেই একটি পেট্রলপাম্পে তিনি রান্নার কাজ করতেন।

যাত্রাবাড়ী থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) মুনিষ ঘোষ জানান, ঘটনার পর গুরুতর আহত অবস্থায় শেফালীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসআই আরও জানান, ঘাতক বাসটিকে শনাক্ত করার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

Link copied!