পদত্যাগ করেছেন এমপি মিষ্টি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১, ২০২৬, ০২:৫৯ পিএম
পদত্যাগ করেছেন এমপি মিষ্টি

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি এমপি পদ থেকে পদত্যাগ করেছেন।
আজ বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে মিষ্টি জাতীয় সংসদে গিয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দেন।


ক্ষমতাসীন বিএনপির শীর্ষ পর্যায়ের একাধিক সূত্র আগামীর সময়কে জানিয়েছিল, রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি ঢাকা মহানগর উত্তর বিএনপির সদ্যবিলুপ্ত কমিটির যুগ্ম আহ্বায়কও।


তাদের তথ্য অনুযায়ী, সরকারপ্রধান মিষ্টিকে এ নির্দেশনা দেন গতকাল বুধবার।
প্রধানমন্ত্রীর নির্দেশ পাওয়ার পরদিন আজ দুপুরে মিষ্টি পদত্যাগ করলেন।
প্রায় পাঁচ দশক ধরে দরিদ্র মা ও শিশুদের স্বাস্থ্যসেবা দিয়ে আসা রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে গত ২৫ সেপ্টেম্বর মধ্যরাতে দুই শতাধিক ব্যক্তি হামলা চালায়। নিরাপত্তাকর্মীদের জিম্মি করে স্বাস্থ্যকেন্দ্রে ঢুকে ওষুধ, চিকিৎসা সরঞ্জামসহ বিভিন্ন সামগ্রী লুট করা হয়। পরে ভারী যন্ত্র দিয়ে স্বাস্থ্যকেন্দ্রের একটি স্থায়ী ও তিনটি আধাপাকা স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। এরপর সেখানে টাঙিয়ে দেওয়া হয় সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেডের সাইনবোর্ড।

প্রধানমন্ত্রী নিউ ইয়র্কে অবস্থানকালে এ ঘটনা ঘটে। দেশে ফিরে বিষয়টি জানার পর তিনি ঘটনার বিস্তারিত খোঁজখবর নেন এবং চরম ক্ষোভ প্রকাশ করেন। একই সঙ্গে হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি দলের কোনো পর্যায়ের নেতাকর্মী এর সঙ্গে সম্পৃক্ত কি না, তা খতিয়ে দেখার নির্দেশ দেন।

সূত্রের দাবি, রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলার নেপথ্যে মিষ্টির সংশ্লিষ্টতার বিষয়ে দলের কাছে তথ্য আছে। এর পরিপ্রেক্ষিতে তাকে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়।

তবে ওই হামলায় নিজের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন মিষ্টি। তিনি বলেছেন, সমিতির সঙ্গে তার নাম যুক্ত থাকলেও ভাঙচুরের ঘটনায় তার কোনো সম্পৃক্ততা নেই। তিনি চান, পুলিশ আইন অনুযায়ী তদন্ত করুক।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!