সাইবার নিরাপত্তা সূচকে ১১তম বাংলাদেশ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৫, ২০২১, ০৯:৩৯ পিএম
সাইবার নিরাপত্তা সূচকে ১১তম বাংলাদেশ

জাতিসংঘের বিশেষায়িত সংস্থা আন্তর্জাতিক টেলিযোগযোগ ইউনিয়নের (আইটিইউ) সাইবার নিরাপত্তা সূচক-২০২০-এ  ২৫ ধাপ এগিয়েছে বাংলাদেশ। এই তালিকায় বাংলাদেশের অবস্থান এখন ৫৩তম।

গত বছরের তথ্যের ভিত্তিতে সম্প্রতি গ্লোবাল সাইবার সিকিউরিটি ইনডেক্স-২০২০ সূচক প্রকাশ করেছে আইটিইউ। এর আগে ৭৮তম অবস্থানে ছিল বাংলাদেশ।

মৌলিক সাইবার হামলা প্রতিরোধে প্রস্তুতি এবং সাইবার হামলার ঘটনা, অপরাধ ও বড় ধরনের সংকট ব্যবস্থাপনায় তৎপরতা মূল্যায়ন করে সূচকটি তৈরি করেছে আইটিইউ। মোট পাঁচটি বিষয়কে ভিত্তি ধরে এই সূচক তৈরি হয়। সেগুলো হলো আইনগত পদক্ষেপ, কারিগরি পদক্ষেপ, প্রাতিষ্ঠানিক পদক্ষেপ, সক্ষমতা বৃদ্ধির পদক্ষেপ ও সহযোগিতার পদক্ষেপ।

সূচকে ১০০ পয়েন্টের মধ্যে ভিত্তিতে স্থান নির্ণয় করা হয়। যেখানে বাংলাদেশের অর্জন ৮১ দশমিক ২৭। 

আইটিইউয়ের ওয়েবসাইটে প্রকাশিত সূচক অনুযায়ী, তালিকায় ১০০ পয়েন্ট পেয়ে প্রথম অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। ৯৯ দশমিক ৫৪ পয়েন্ট পেয়ে যৌথভাবে দ্বিতীয় অবস্থানে রয়েছে যুক্তরাজ্য ও সৌদি আরব। ৯৯ দশমিক ৪৮ স্কোর পেয়ে তৃতীয় হয়েছে ইউরোপের দেশ এস্তোনিয়া।

এশীয়-প্রশান্ত অঞ্চলের সূচকে ৯৮ দশমিক ৫২ পয়েন্ট পেয়ে যৌথভাবে প্রথমে রয়েছে কোরিয়া ও সিঙ্গাপুর। মালয়েশিয়া ও জাপান যথাক্রমে ৯৮ দশমিক ৬ এবং ৯৭ দশমিক ৮২ স্কোর পেয়ে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে। ৯৭ দশমিক ৪৯ পয়েন্ট পেয়ে ভারত রয়েছে চতুর্থ স্থানে। ৬৪ দশমিক ৮৮ পয়েন্ট পেয়ে ১৪তম স্থানে রয়েছে পাকিস্তান।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!