আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সাধারণ মানুষ আতঙ্কে নেই। বরং সন্ত্রাসী, অনিয়মকারী, দুর্নীতিবাজ এবং বিএনপির আশ্রয়-প্রশ্রয়দাতারা আতঙ্কে আছে। তিনি আরো বলেন, বিএনপি নেতারা অপরাধীদের জন্য মায়াকান্না করে। তাদের এ অপরাজনীতির শেষ কোথায়?
সোমবার (১৫ নভেম্বর) নিজ বাসভবনে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন সেতুমন্ত্রী।
ওবায়দুল কাদের বলেন, “মরণঘাতি কর্মসূচি সরকার নয়, বিএনপিই পালন করছে। ভাস্কর্য নিয়ে হেফাজতি সন্ত্রাসের মূল কুশীলব ছিল বিএনপি। দেশে সাম্প্রদায়িক অপশক্তিকে উস্কানি ও পৃষ্ঠপোষকতা দিয়ে বিএনপিই তাদের পুনর্বাসন করেছে।”
সেতুমন্ত্রী আরো বলেন, “আগুন-সন্ত্রাসের মতো মরণঘাতি কর্মসূচির জনক বিএনপি। দেশের মানুষ ভালো আছে, শুধু ভালো নেই বিএনপি। ধ্বংসের রাজনীতির উত্তরাধিকার বহন করছে বিএনপি। খুন, সন্ত্রাস আর ষড়যন্ত্র বিএনপিরই মজ্জাগত।”
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরো বলেন, “বিএনপির আন্দোলন বানরের তৈলাক্ত বাঁশে ওঠার অংকের মতো। বিএনপির মুখে আন্দোলনের কথা গত এক যুগের বেশি সময় ধরে মানুষ শুনে আসছে। কিন্তু আন্দোলন আর দেখে না জনগণ।”
ওবায়দুল কাদের অভিযোগ করে বলেন, “সরকার এবং দেশের যেকোনো ভালো কাজকে বিতর্কিত করাই বিএনপির কাজ। তারা নির্বাচনে অংশ নেয় নির্বাচনকে বিতর্কিত করতে। বিএনপির বর্ণচোরা রাজনীতির মুখোশ এখন উন্মোচিত, দেশের মানুষ তাদের কথা ও কাজে আস্থা হারিয়ে ফেলেছে।”



























