রাজধানীর যাত্রাবাড়ী থানার মাতুয়াইল এলাকায় রাস্তা পারাপারের সময় বাসচাপায় মো. বাবুল মিয়া (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি শ্যামলী পরিবহনের হেলপার ছিলেন বলে জানা গেছে।
শনিবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে দুপুর পৌনে ১টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক জানান তিনি আগেই মারা গেছেন।
বিষয়টি নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোস্তফা। তিনি বলেন, “আজ সকালে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি বাস তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। সেখান থেকে তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
এসআই মো. মোস্তফা আরো বলেন, “মৃত বাবুল মিয়া শ্যামলী পরিবহনের বাসের হেলপার ছিলেন। আমরা ঘাতক গাড়িটি শনাক্ত করার চেষ্টা করছি। তার বাড়ি ভোলা জেলার বোরহানউদ্দিন থানার বড় মানিকা গ্রামে।”
ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, “যাত্রাবাড়ী থানা পুলিশ এক বৃদ্ধকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসে। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।”






























