দেশজুড়ে চলছে দুর্গাপূজা মহা উৎসব। কাশফুলের শুভ্রতা নিয়ে দুর্গাদেবী এসেছে ধরায়। ষষ্ঠী, সপ্তমী পেরিয়ে এসেছে মহা অষ্টমী। পূজা মণ্ডপগুলোতে এই দিন নামবে ভক্তদের ঢল। মহাব্যস্ততায় কাটবে সারাদিন। সকালে অঞ্জলি, এরপর বন্ধুদের সঙ্গে আড্ডা, আর দুপুরে বন্ধুদের সঙ্গে ভোগ খাওয়া। তার আগেই নতুন পোশাক আর মেকআপে নিজেকে সুন্দরভাবে সাজিয়ে তুলুন।
ষষ্ঠী, সপ্তমীতে হালকা সাজ হলেও অষ্টমীর সাজে রাখুন ভিন্নতা। এই সাজে থাকবে আভিজাত্যের ছোঁয়া। অষ্টমীর দিনে লাল রঙটাকে রাখুন সবার আগে। সাদা শাড়ি লাল পাড় অষ্টমীর জন্য আদর্শ। পুজোর সকালে এক প্যাঁচে শাড়ি পরে এলোকেশে বেরিয়ে পড়তে পারেন মন্ডপে। সঙ্গে রাখবেন সাদা ফুল।
দিনের প্রচণ্ড গরমে হালকা সাজতে পারেন। তবে বিকেলে পর জমকালো সাজতে পারেন। পোশাকের সঙ্গে মানানসই সাজেই আপনাকে লাগবে অতুলনীয়।
সাজের প্রথমে মুখ স্ক্রাব করে ভালোভাবে পরিষ্কার করে নিন। ময়েশ্চারাইজার ও সানস্ক্রিন লাগাতে একদমই ভুলবেন না। সান ট্যান পড়ার আগেই সচেতন হয়ে যান। এবারে প্রাইমার লাগিয়ে কয়েক মিনিট অপেক্ষা করে মেইকআপ শুরু করতে হবে।
কনসিলার দিয়ে মুখের দাগগুলোতে আড়াল করুন। এরপরে হালকা ফাউন্ডেশন লাগিয়ে ব্লেন্ড করে পাউডার দিয়ে সেট করে নিন। সকালে চোখের সাজ হালকা রেখে ঠোঁটে গাঢ় লিপস্টিক লাগানো যেতে পারে। শাড়ির সঙ্গে কপালে টিপ আর হাতে চুড়ি তো থাকবেই। এবারে পরে ফেলুন পছন্দের গহণা।
অষ্টমীর রাতের সাজে কিন্তু অলসতা নেই। জমকালো সাজেই হবে অষ্টমীর রাত। প্রথমে বেইজ মেইকআপ করে নিন। কন্টুয়র এবং হাইলাইটস করে গালে গোলাপি বা কোরাল শেইডের ব্লাশ লাগিয়ে নিন।
চোখের সাজে সোনালি, রুপালি বা যেকোনো রংয়ের গ্লিটার শ্যাডো ব্যবহার করতে পারেন। চোখে মোটা করে টেনে কাজল ও লাইনার লাগিয়ে মাস্কারা ব্যবহার করুন। গালের উঁচু অংশে, কপালে, নাকে, থুঁতনিতে এবং ঠোঁটের ওপর হাইলাইটার দিন।
অন্যদিকে অষ্টমীর দিন ছেলেদের থাকবে ট্রাডিশনাল লুক। পোশাকের একটু নতুনত্বের ছোঁয়া রাখুন ৷ কুর্তায় একটু ড্রিপড স্টাইল কিংবা অ্যাসিমেট্রি হলে দারুণ লাগবে ৷ ধুতির বদলে ধোতি প্যান্ট, জোহেব প্যান্ট, হ্য়ারম প্যান্ট পরা যেতে পারে ৷ পাঞ্জাবির বোতামগুলো এক্কেবারে সোজাসুজি না হয়ে একটু সাইডে থাকতে পারে ৷ কাপোলরা ম্যাচিং করে পাঞ্জাবি পরে ঘুরে বেড়াতে পারেন মণ্ডপগুলোতে।








































