হেলমেট নোংরা থাকলে তা থেকে দুর্গন্ধ বের হতে পারে। এই গন্ধ মাথাব্যথার কারণও হতে পারে। যার ফলে বাইক চালানোর সময় নিয়ন্ত্রণ হারাতে পারেন। পাশাপাশি অপরিচ্ছন্ন মোটরসাইকেল হয়ে উঠতে পারে নানা রোগের বাসা। ছড়াতে পারে সংক্রমণ। তাই মোটরসাইকেল সপ্তাহে অন্তত একবার পরিষ্কার করা উচিত। সঙ্গে হেলমেটও।
চলুন জেনে নিই সঠিকভাবে হেলমেট পরিষ্কারের পদ্ধতি—
- হেলমেট পরিষ্কার করার আগে একটা বালতি, ডিটারজেন্ট, ওয়াশিং সোডা ও পানি সঙ্গে নিয়ে নিতে হবে।
- এবার বালতিতে হালকা গরম পানি, দুই চা চামচ ডিটারজেন্ট ও সামান্য ওয়াশিং সোডা দিয়ে দিন।
- এক্ষেত্রে কারো কাছে যদি ওয়াশিং সোডা না থাকে তাহলে শুধু ডিটারজেন্টও ব্যবহার করতে পারেন।
- এই মিশ্রণটিতে হেলমেটটি কিছুক্ষণ ডুবিয়ে রাখতে হবে।
- ডিটারজেন্ট ও সোডা মিশ্রিত পানিতে হেলমেট থেকে ধুলো-বালি এবং জমে থাকা ময়লা বেরিয়ে যাবে।
- এবার একটি ব্রাশ নিয়ে হেলমেটের ভেতরের প্যাডিং অংশটি পরিষ্কার করতে হবে।
- তবে খেয়াল রাখবেন বেশি চাপ দিয়ে প্যাডিং পরিষ্কার করা যাবে না। কারণ চেপে পরিষ্কার করলে প্যাডিং নষ্ট হতে পারে।
- হেলমেটের গ্লাস পরিষ্কার করার সময় নরম সুতির কাপড় বা তুলো ব্যবহার করতে পারেন।
- যখন মনে হবে হেলমেটটি ভালোভাবে পরিষ্কার করা হয়েছে তখন শেষ মুহূর্তে একবার পানি দিয়ে ধুয়ে নিন যাতে হেলমেট থেকে ডিটারজেন্টর ফেনা দূর হয়ে যায়।
- তারপর কয়েক ঘণ্টা রোদে হেলমেটটি শুকিয়ে নিন। পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিলে হেলমেট একদম নতুনের মতো হয়ে যাবে।







































