টাকা দিয়ে টিকিট কিনে সিনেমা দেখতে হয়। কিন্তু সিনেমা দেখে টাকা পাওয়া যায়, সে কথা কি শুনেছেন? তাও আবার ভূতের সিনেমা!
চমকে গেলেন? হ্যাঁ, সত্যিই এমনটা হচ্ছে। ভূতের সিনেমা দেখলেই নগদ টাকা দিচ্ছে যুক্তরাষ্ট্রের একটি প্রতিষ্ঠান।
সিএনএন জানায়, মার্কিন প্রতিষ্ঠান ‘ফিনান্স বাজ’ সম্প্রতি এই ঘোষণা দেয়। ১০ দিনের মধ্যে ১৩টি ভয়ংকর ভূতের সিনেমা দেখতে পারলে ১ হাজার ৩০০ ডলার উপহার দেওয়ার ঘোষণা দিয়েছে। বাংলাদেশি মুদ্রায় যার দাম ১ লাখ ১১ হাজার টাকারও বেশি।
প্রতিষ্ঠানটি জানায়, আগামী ৯ অক্টোবর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত থাকছে এই সুযোগ। এর মধ্যেই নির্ধারিত ১৩টি ভূতের সিনেমা দেখলে নগদ অর্থ উপহার দেওয়া হবে।
আগামী ৩১ অক্টোবর হ্যালোইন উপলক্ষে বিশেষ এই অফার দিয়েছে প্রতিষ্ঠানটি।
ফিনান্স বাজের পক্ষ থেকে আরও জানা যায়, প্রতিযোগীকে ১৮ বছরের বেশি বয়স হতে হবে। বিজয়ীকে সিনেমা দেখার খরচও দিয়ে দেওয়া হবে।
ভূতের সিনেমা দেখার এই প্রতিযোগিতায় অংশ নিতে আগে আবেদন করতে হবে। আগ্রহীরা আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনপত্র থেকে বাছাই করা হবে কয়েকজনকে। যাদেরকে ১ অক্টোবরের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।
প্রতিযোগীদের আগামী ৪ অক্টোবরের মধ্যে পাঠিয়ে দেওয়া হবে একটি ফিটবিট। সিনেমা দেখার সময় সেই ফিটবিটের মাধ্যমে প্রতিযোগীর হার্ট রেট মাপা হবে। এই হার্ট রেট মাপার মাধ্যমেই বিজয়ীকে চূড়ান্ত করা হবে। বিজয়ীকে মেইলের মাধ্যমে নিশ্চিত করা হবে।
প্রতিষ্ঠানটি ভূতের সিমেনাগুলো নির্ধারতি করে দিয়েছে। এগুলো মধ্যে রয়েছেন হ্যালোউইন (২০১৮), অ্যানাবেল, আ কোয়ায়েট প্যালেস, আ কোয়ায়েট প্যালেস পার্ট ২, ইনসিডিয়াস, দ্য পার্জ, অ্যামিটিভিল হরর, ক্যান্ডিম্যান, দ্য ব্লেয়ার উইচ প্রজেক্ট, গেট আউট, সিনিস্টার এবং প্যারানর্মাল অ্যাক্টিভিটি।






































