সারা দিন সব কাজ নিয়ম মেনে করছেন। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়টি ভুলে যাচ্ছেন, তা হলো ওষুধ খাওয়া। অ্যাসিডিটি থেকে শুরু করে নানা রোগের জন্য় প্রতিদিন নিয়ম মেনে ওষুধ খেতে হয়। বিশেষজ্ঞের প্রেসক্রিপশন অনুযায়ী সময় মেনে ওষুধ খাওয়া খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু কাজের ব্যস্ততায় দিনের ওষুধ খেতে ভুলে গিয়ে বিকেলে খাচ্ছেন, রাতের ওষুধ খেতে কখনো ভুলেই যাচ্ছেন। আর যে ওষুধ সপ্তাহে একদিন করে খাওয়ার,সে কথা মনেই থাকছে না। এতে কিন্তু হিতে বিপরীত হয়।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ওষুধের পূর্ণ কার্যকারিতা পেতে সময়মতো ওষুধ খাওয়া গুরুত্বপূর্ণ। সময়মতো ওষুধ খাওয়ার কথা মনে রাখতেই কয়েকটি পরামর্শ থাকছে এই আয়োজনে।
- কোন ওষুধ কিসের জন্য খেতে হচ্ছে, তা ভালোভাবে জেনে নিন। এতে ওষুধের গুরুত্ব সম্পর্কে মনে থাকবে। ওষুধ খেতে ভুলবেন না।
- ওষুধ না খেলে এর পার্শ্বপ্রতিক্রিয়া কী হতে পারে, তা জানুন। এতে ওষুধ খাওয়ার প্রতি আরও যত্নশীল হবেন।
- সব ওষুধ একটি জায়গায় রাখুন। ওষুধ রাখার বাক্সটিতে সকাল, দুপুর, রাতের ওষুধ লিখে রাখুন। এতে ওষুধ সহজেই খুঁজে পাবেন। আর একটি ওষুধ খেতে গেলে আর একটির কথাও মনে পড়বে।
- ওষুধ খাওয়ার ৫ মিনিট আগে মোবাইল ফোনে অ্যালার্ম দিয়ে রাখুন। এটি সবচেয়ে কার্যকর পদ্ধতি। কারণ মোবাইল ফোনটি সব সময় সঙ্গেই থাকে, যা ওষুধের কথা সহজেই মনে করিয়ে দিতে পারবে।
- ওষুধ খাওয়ার কথা মনে রাখতে দিনের ও রাতের খাবারে সমন্বয় রাখুন। মানে দুপুরে যে সময়টাতে ওষুধ খেতে হবে তার আগেই খাবার শেষ করুন এবং খাওয়ার সঙ্গে সঙ্গে ওষুধ খেয়ে ফেলুন। এতে ওষুধ সেবনে ভুল হবে না।
- কোনোভাবেই মনে থাকছে না ওষুধ খাওয়ার কথা? পরিবারের অন্য সদস্যের সাহায্য় নিন। কাছের মানুষকে জানিয়ে রাখুন। ওষুধ খাওয়া সময় যেন আপনাকে মনে করিয়ে দেয়।






































