পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে একটি কয়লাখনি কমপ্লেক্সে বিস্ফোরণে অন্তত ১৮ শ্রমিক নিহত হয়েছেন। বিস্ফোরণের ফলে খনির একটি অংশ ধসে পড়ার পর তারা চাপা পড়েন। বেলুচিস্তান সরকার বৃহস্পতিবার জানিয়েছে এ তথ্য।
সরকার এক বিবৃতিতে জানিয়েছে, এখনো আটকে থাকা আরও ১৪ শ্রমিককে উদ্ধারে অভিযান চলছে।
এর আগে বেলুচিস্তানের খনি ও খনিজ উন্নয়নমন্ত্রী শোয়েব নোশেরওয়ানি রয়টার্সকে বলেছেন, বিস্ফোরণের সময় ধসে পড়া অংশে মোট ৩৬ জন শ্রমিক কাজ করছিলেন।
তিনি জানান, বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত নিখোঁজ ছিলেন তাদের মধ্যে ২৫ জন।
বেলুচিস্তানের প্রধান খনি পরিদর্শক মুহাম্মদ আতিফ জানান, প্রায় ৪ হাজার ফুট গভীরে উদ্ধার অভিযান চালানো হচ্ছে।
তিনি বললেন, ‘আমরা আশা করছি কিছু শ্রমিককে জীবিত উদ্ধার করা সম্ভব হবে। তবে সেই সম্ভাবনা খুবই কম।’
অঞ্চলটির জ্যেষ্ঠ সরকারি খনি কর্মকর্তা আবদুল গনি বেলুচ বলেছেন, ‘মিথেন গ্যাসের শক্তিশালী বিস্ফোরণে পাশাপাশি থাকা দুটি খনি ক্ষতিগ্রস্ত হয়েছে।’
প্রাদেশিক রাজধানী কোয়েটার কাছে দুর্গম সোরাঙ্গ এলাকায় ঘটে এ বিস্ফোরণের ঘটনা।
রয়টার্স

























