ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক ‘খুবই ইতিবাচক’ হয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে মঙ্গলবার রাতে দেওয়া পৃথক সংক্ষিপ্ত পোস্টে ট্রাম্প এ কথা জানান। তবে বৈঠকগুলোতে কী কী বিষয়ে আলোচনা হয়েছে, সে সম্পর্কে তিনি বিস্তারিত কিছু জানাননি।
মার্কিন রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহামের স্মরণসভায় যোগ দিতে ওয়াশিংটনে যান নেতানিয়াহু ও জেলেনস্কি। চলতি মাসের শুরুতে মারা যাওয়া গ্রাহাম ইসরায়েল ও ইউক্রেনের অন্যতম প্রভাবশালী সমর্থক হিসেবে পরিচিত ছিলেন।
নেতানিয়াহুর সঙ্গে বৈঠক প্রসঙ্গে ট্রাম্প লিখেছেন, ‘খুব ভালো একটি বৈঠক হয়েছে! স্পষ্টতই অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে।’
তবে বৈঠকের আগে নেতানিয়াহুর প্রতি বিরক্তিও প্রকাশ করেন ট্রাম্প। ইরান ইস্যুতে বৈঠকে নেতানিয়াহু যে বিষয়গুলো তুলে ধরার পরিকল্পনা করেছিলেন, সেগুলোর বিস্তারিত আগেই প্রকাশ্যে চলে আসায় তিনি অসন্তোষ প্রকাশ করেন।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর হামলা চালায়। এর জবাবে তেহরান ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি থাকা দেশগুলোতে পাল্টা হামলা চালায়।
এর পর থেকে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরানবিরোধী হামলা এবং লেবাননে ইসরায়েলের সামরিক অভিযানে হাজারো মানুষ নিহত এবং লাখো মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
এ বৈঠক এমন সময় অনুষ্ঠিত হলো, যখন গত অক্টোবর থেকে কার্যকর হওয়া গাজা যুদ্ধবিরতি বারবার লঙ্ঘিত হচ্ছে।
গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি শুরুর পর থেকে ইসরায়েলি হামলায় প্রায় ১ হাজার ২০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশির ভাগই বেসামরিক নাগরিক। অন্যদিকে ইসরায়েলের দাবি, একই সময়ে যোদ্ধাদের হামলায় তাদের চারজন সেনা নিহত হয়েছেন।
বৈঠক শেষে নেতানিয়াহু এটিকে ‘চমৎকার’ বলে মন্তব্য করেন।
অন্যদিকে জেলেনস্কির সঙ্গেও বৈঠক করেন ট্রাম্প। সেখানে ইউক্রেনে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা তৈরির পরিকল্পনা এবং রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনা পুনরুজ্জীবিত করার বিষয় নিয়ে আলোচনা হয়। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করে।
জেলেনস্কির সঙ্গে বৈঠক সম্পর্কে ট্রাম্প লিখেছেন, ‘অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকটি খুব ভালো হয়েছে।’

































