গাজা নিয়ে ট্রাম্পের নতুন ঘোষণা, নীরব হামাস


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ৩১, ২০২৬, ১১:২৪ এএম
গাজা নিয়ে ট্রাম্পের নতুন ঘোষণা, নীরব হামাস

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তার কথিত ‘বোর্ড অব পিস’ গাজায় হামাসসহ সব সশস্ত্র গোষ্ঠীকে নিরস্ত্রীকরণের বিষয়ে একটি চুক্তিতে পৌঁছেছে।
বৃহস্পতিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, এই চুক্তি বাস্তবায়িত হলে গাজা একটি নতুন ফিলিস্তিনি সরকারের অধীনে পরিচালিত হবে। ওই সরকার ফিলিস্তিনি জনগণের কল্যাণে ‘বোর্ড অব পিস’-এর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে।
ট্রাম্প আরও দাবি করেন, একই সঙ্গে ইসরায়েল তার প্রত্যাশিত নিরাপত্তা পাবে এবং গাজাকে আর হামলার ঘাঁটি হিসেবে ব্যবহার করা হবে না।
তবে ট্রাম্পের এ দাবির বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি হামাস।
ট্রাম্পের ভাষ্য, গত অক্টোবরে তার মধ্যস্থতায় ইসরায়েল ও হামাসের মধ্যে যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল, নিরস্ত্রীকরণের এই উদ্যোগ তারই অংশ।
তার দাবি, নিরস্ত্রীকরণ সম্পন্ন হলে ইসরায়েল গাজা থেকে সেনা প্রত্যাহার করবে। এরপর সেখানে একটি নতুন ফিলিস্তিনি পুলিশ বাহিনীর সহযোগিতায় আন্তর্জাতিক স্থিতিশীলতা রক্ষাকারী বাহিনী দায়িত্ব নেবে।
ট্রাম্প বলেন, ‘এই চুক্তির মাধ্যমে গাজা শেষ পর্যন্ত এমন একটি নতুন ফিলিস্তিনি সরকারের হাতে যাবে, যারা জনগণের স্বার্থে কাজ করবে।’
এদিকে গত সপ্তাহের শেষ দিক থেকে হামাসের নেতারা মিসরের রাজধানী কায়রোয় অবস্থান করছেন। সেখানে মিসর, কাতার ও তুরস্কের মধ্যস্থতাকারীদের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছে।
হামাসের এক নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তা বৃহস্পতিবার বলেছেন, আলোচনা ইতিবাচক পরিবেশে এগোচ্ছে এবং অগ্রগতি হচ্ছে।

আল জাজিরা
 

Link copied!