নিউ ইয়র্কে শিশু নিখোঁজের ঘটনায় আতঙ্ক


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৩, ২০২৬, ১২:১৪ পিএম
নিউ ইয়র্কে শিশু নিখোঁজের ঘটনায় আতঙ্ক

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে শিশু নিখোঁজের ঘটনা নিয়ে উদ্বেগ বাড়ছে। গত এক বছরে অভিযান চালিয়ে এমন প্রায় ১০ হাজার শিশুকে উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এসব শিশুরা আগের তিন বছরে নিখোঁজ হয়েছিল।

এছাড়া গত তিন মাসে নিউ ইয়র্কে শতাধিক শিশু নিখোঁজ হয়েছে। এর মধ্যে তিন দিনের বিশেষ অভিযানে ৩৪ শিশুকে উদ্ধার করা হয়েছে।

নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল স্থানীয় সময় শুক্রবার এ তথ্য জানিয়েছেন। উদ্ধার হওয়া ৩৪ শিশুই লং আইল্যান্ড ও নিউ ইয়র্ক সিটি এলাকার।

সম্প্রতি শিশু অপহরণ ও নিখোঁজের ঘটনায় নিউ ইয়র্কের বাংলাদেশি কমিউনিটিতেও আতঙ্ক ছড়িয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, নিখোঁজ হওয়ার সময় উদ্ধার হওয়া শিশু ও কিশোরদের বয়স ছিল ৭ থেকে ১৮ বছর।

‘লং আইল্যান্ড মিসিং চাইল্ড রেসকিউ অপারেশন’ নামের এই অভিযানে প্রায় ৪০টি সরকারি সংস্থার ১০০ জনের বেশি পেশাজীবী অংশ নিয়েছেন।

কর্মকর্তারা জানিয়েছেন, দুই মাসের পরিকল্পনা ও সমন্বয়ের পর বৃহস্পতিবার তিন দিনের এই উদ্ধার অভিযান শেষ হয়েছে।

তদন্তকারীরা লং আইল্যান্ডের গার্ডেন সিটির একটি কেন্দ্রীয় কমান্ড সেন্টার থেকে কাজ করেছেন। তারা বিভিন্ন মামলার তথ্য পর্যালোচনা করেছেন। নতুন সূত্র অনুসরণ করেছেন। গোয়েন্দা তথ্য আদান-প্রদান করেছেন। প্রযুক্তিও ব্যবহার করেছেন।

নাসাউ ও সাফোক কাউন্টিতে নিখোঁজ শিশুদের বিষয়ে তদন্ত এগিয়ে নিতে এসব কার্যক্রম চালানো হয়।

গভর্নর ক্যাথি হোকুল বলেছেন, ‘নিখোঁজ প্রতিটি শিশুই আমাদের পূর্ণ মনোযোগ পাওয়ার যোগ্য। প্রতিটি পরিবারই ঘটনার প্রকৃত তথ্য বা উত্তর পাওয়ার অধিকার রাখে।’

তিনি আরও বলেছেন, ঝুঁকিতে থাকা শিশুদের খুঁজে বের করা এবং তাদের ক্ষতি থেকে রক্ষা করতে প্রয়োজনীয় দক্ষতা ও সম্পদ একত্র করা হয়েছে।

হোকুল বলেছেন, ‘কোনো শিশুকে খুঁজে পাওয়ার মাধ্যমেই আমাদের দায়িত্ব শেষ হয়ে যায় না। নিরাপদ থাকার জন্য তাদের প্রয়োজনীয় সেবা, সহায়তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতেও আমাদের সাহায্য করতে হবে।’

এসব অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমাজকর্মী, অধিকারকর্মী ও বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে যৌথভাবে কাজ করেছে।

নিউ ইয়র্কে এ ধরনের নিখোঁজ শিশু উদ্ধারের এটি চতুর্থ অভিযান। এর আগে আপস্টেট নিউ ইয়র্কের ইরি কাউন্টি, ক্যাপিটাল রিজিয়ন ও ওয়েস্টচেস্টার কাউন্টিতে অভিযান চালানো হয়েছিল।

এসব অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে নিখোঁজ হিসেবে তালিকাভুক্ত ১৬৮ শিশু ও কিশোরকে উদ্ধার করা হয়।

কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে নিউ ইয়র্কে ১৮ বছরের কম বয়সী ১০ হাজার ৬২৯ শিশুর নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়। তাদের মধ্যে ৯৪ শতাংশই বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল।

কর্মকর্তারা জানিয়েছেন, এ বছর পুলিশ ১০ হাজার ৬৭২টি নিখোঁজ শিশুর ঘটনা নিষ্পত্তি করেছে। এর মধ্যে আগের বছরগুলোতে নথিভুক্ত হওয়া মামলাও রয়েছে।

তথ্যসূত্র: সিবিএস নিউজ, নিউ ইয়র্ক টাইমস

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!