মিথিলার নতুন পথচলা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২, ২০২৬, ০৩:০০ পিএম
মিথিলার নতুন পথচলা

বিনোদন জগতের গ্ল্যামার পেরিয়ে আন্তর্জাতিক উন্নয়ন খাতে দুই দশকের সমৃদ্ধ ক্যারিয়ারকে এক নতুন উচ্চতায় নিয়ে গেলেন জনপ্রিয় অভিনয়শিল্পী ও উন্নয়নকর্মী রাফিয়াত রশিদ মিথিলা। দীর্ঘ ১৫ বছর ব্র্যাক ইন্টারন্যাশনালের হয়ে বৈশ্বিক পর্যায়ে কাজ করার পর ব্র্যাকের চাকরি ছেড়ে এবার যুক্তরাষ্ট্রের মর্যাদাপূর্ণ কলাম্বিয়া ইউনিভার্সিটিতে গবেষক হিসেবে যোগ দিয়েছেন তিনি।

সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা এক আবেগঘন পোস্টে পেশাগত জীবনের এই অনন্য অর্জনের কথা ঘোষণা করেন মিথিলা।

যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া ইউনিভার্সিটির বিখ্যাত ‘আর্ভিং ইনস্টিটিউট ফর ক্লিনিক্যাল অ্যান্ড ট্রান্সলেশনাল রিসার্চ’-এ ‘অ্যাসোসিয়েট রিসার্চ সায়েন্টিস্ট’ পদে যোগ দিয়েছেন মিথিলা। সেখানে নিউ ইয়র্কে অবস্থিত ‘আর্লি চাইল্ডহুড অ্যান্ড ফ্যামিলি হাব’ প্রজেক্টের ডিজাইন এবং মূল্যায়নে সরাসরি নেতৃত্ব দেওয়ার দায়িত্ব তার ওপর অর্পিত হয়েছে।


নতুন এ দায়িত্ব নিয়ে মিথিলা জানান, প্রজেক্টটি প্রাথমিক শৈশব বিকাশ, পারিবারিক সম্পৃক্ততা এবং কমিউনিটি স্বাস্থ্য নিয়ে কাজ করে; যেখানে জন্ম থেকে পাঁচ বছর বয়সী শিশুদের পরিবারগুলোকে তাদের সুস্থ ও সুন্দর বেড়ে ওঠার জন্য প্রয়োজনীয় পরিবেশ ও বৈশ্বিক সুবিধাগুলোর সঙ্গে যুক্ত করা হয়। ব্র্যাকে কাজ করার দুই দশকের বৈশ্বিক অভিজ্ঞতাই এ আন্তর্জাতিক গবেষণার মেলবন্ধনে বড় ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

কলাম্বিয়ায় গবেষণার পাশাপাশি আরও একটি অর্জনের কথা তুলে ধরেন এ তারকা। তিনি নিউ ইয়র্কের ‘সিটি ইউনিভার্সিটি অব নিউ ইয়র্ক’-এ ‘অ্যাডজাঙ্কট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর’ হিসেবে শিক্ষকতা শুরু করেছেন। সেখানে তিনি শিক্ষার্থীদের ‘ননপ্রফিট ম্যানেজমেন্ট’ বিষয়টি পড়াচ্ছেন, যেখানে অ্যাকাডেমিক শিক্ষার সঙ্গে বাস্তবে এনজিও বা অলাভজনক সংস্থাগুলোর কাজের প্রত্যক্ষ ধারণার পরিচয় ঘটাবেন তিনি।

সুদীর্ঘ সময় জুড়ে পাশে থাকার জন্য সাবেক কর্মপ্রতিষ্ঠান ব্র্যাকের প্রতি মনপ্রাণ থেকে গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন মিথিলা। বিশ্বের অন্যতম সেরা গবেষণা অবকাঠামো কলাম্বিয়া ইউনিভার্সিটিতে কাজের সুযোগ তার কর্মজীবনের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে উল্লেখ করে ভক্ত ও শুভানুধ্যায়ীদের কাছে শুভকামনা ও দোয়া চেয়েছেন তিনি।

উচ্চতর গবেষণা ও শিক্ষকতার এই নতুন অধ্যায়ে নিজেকে নিয়োজিত করায় আপাতত লাইট-ক্যামেরা-অ্যাকশনের জগত থেকে কিছুটা দূরেই থাকছেন এ বহুমুখী গুণী তারকা।

Link copied!