এবার হরমুজ প্রণালির নাম পাল্টে ‘ট্রাম্প প্রণালী’?


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২৬, ১১:৩৮ এএম
এবার হরমুজ প্রণালির নাম পাল্টে ‘ট্রাম্প প্রণালী’?

মধ্যপ্রাচ্যের যুদ্ধের উত্তাপ, বিশ্ববাজারে তেলের অস্থিরতা ও আন্তর্জাতিক উদ্বেগের কেন্দ্রবিন্দুতে হরমুজ প্রণালি। এবার সেই প্রানালির নাম নিজের নামে করার প্রস্তাব দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার প্রস্তাব, গুরুত্বপূর্ণ এই জলপথের নাম বদলে করা হোক ‘ট্রাম্প প্রণালী’।

বুধবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘এখন যেহেতু এটি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে, হরমুজ প্রণালির নাম কি ‘ট্রাম্প প্রণালী’ করা উচিত?’ এরপর রসিকতার সুরে তিনি বলেন, আমেরিকার মতো এটিও আগের যেকোনো সময়ের চেয়ে আরও ‘হট’ হবে।

ট্রাম্পের এই মন্তব্য এমন সময়ে এলো, যখন ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক সংঘাতের অন্যতম কেন্দ্র হয়ে উঠেছে হরমুজ প্রণালি। ট্রাম্পের দাবি, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথ এখন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে। তবে এ ধরনের দাবি প্রত্যাখ্যান করে আসছে ইরান। সংঘাতের মধ্যে প্রণালির আশপাশে সামরিক উত্তেজনা বাড়ার পাশাপাশি ব্যাহত হয়েছে স্বাভাবিক নৌ চলাচলও।


ট্রাম্পের প্রস্তাবকে তাই শুধু নাম পরিবর্তনের রসিকতা হিসেবে দেখার সুযোগ নেই। এর মাধ্যমে হরমুজ প্রণালির ওপর ওয়াশিংটনের সামরিক নিয়ন্ত্রণ ও কৌশলগত প্রভাবের প্রতীকী বার্তা দেওয়ার চেষ্টা থাকতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। একই সঙ্গে এটি ট্রাম্পের ‘আমেরিকান নিয়ন্ত্রণ ও আধিপত্য’কেন্দ্রিক রাজনৈতিক বার্তার অংশ হিসেবেও দেখছেন কেউ কেউ।

ভৌগোলিক নাম পরিবর্তনের উদ্যোগ অবশ্য ট্রাম্পের জন্য নতুন নয়। গত ২৭ আগস্ট তিনি নির্বাহী আদেশের মাধ্যমে লেক অন্টারিওর নাম ‘লেক আমেরিকা’ করার নির্দেশ দেন। তবে এ পরিবর্তন যুক্তরাষ্ট্রের সরকারি ব্যবহার ও ফেডারেল মানচিত্রে প্রযোজ্য। কানাডা এখনো জলাশয়টির নাম লেক অন্টারিও হিসেবেই স্বীকৃতি দিচ্ছে।

এর আগে মেক্সিকো উপসাগরের নাম ‘গালফ অব আমেরিকা’ করার উদ্যোগও নিয়েছিলেন ট্রাম্প। 

Link copied!