সাপ্তাহিক করোনা সংক্রমণের নতুন রেকর্ড গড়েছে ইউরোপের দেশ জার্মানি। সোমবার দেশটির সাপ্তাহিক গড় সংক্রমণ ছিল প্রায় ২০০। গতবছর মহামারি শুরু পর এমন ভয়ঙ্কর পরিস্থিতি দেখেনি জার্মানরা।
ডয়চে ভেলে জানায়, গত বৃহস্পতিবার প্রতি এক লাখ মানুষের মধ্যে দৈনিক সংক্রমণের হার ছিল প্রায় ১৫৫ ভাগ। তবে তিন দিনের ব্যবধানে তা ২০০ ছুঁয়েছে।
পরিস্থিতির উন্নতি না হলে ভয়াবহ সংকটের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে হাসপাতালে রোগীর চাপ বেড়ে গেলে জার্মানির স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
করোনা সংকট মোকাবেলার প্রশ্নে সরকারের জোটগুলোর মধ্যেও মতভেদ রয়েছে। সকলের জন্য করোনার টিকা বাধ্যতামূলক করার বিষয়েও দ্বিমত রয়েছে।
সংক্রমণের বেড়ে যাওয়ায় হাসপাতালগুলির আইসিইউতে বাড়ছে ভিড়। ফলে করোনায় আক্রান্ত রোগীদের কারণে অন্যান্য জরুরি চিকিৎসা সেবা অনিশ্চিত হয়ে পড়ছে।
তাই সাপ্তাহিক সংক্রমণের গড় ৩০০ ছাড়িয়ে যাওয়ার আগেই পদক্ষেপ নিতে সরকারকে আহ্বান জানিয়েছে চিকিৎসা সংগঠনগুলো। বিশেষ করে ১২ বছরের কম বয়সি শিশু-কিশোরদের জন্য টিকা অনুমোদনে ও স্কুলে মাস্ক পরার নিয়ম জোরদার করতে বাড়তি চাপ দিচ্ছে বিশেষজ্ঞরা।




































