শান্তির সম্ভাবনা নিয়ে কথা বললেন ট্রাম্প, পুতিন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১০, ২০২৬, ১১:৩১ পিএম
শান্তির সম্ভাবনা নিয়ে কথা বললেন ট্রাম্প, পুতিন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরান যুদ্ধ ও ইউক্রেইনে শান্তির সম্ভাবনা নিয়ে কথা বলেছেন। বিশ্বব্যাপী জ্বালানি সংকট বৈশ্বিক অর্থনীতিকে হুমকির মুখে ফেলছে, সোমবার পুতিন এমন সতর্কতা জানানোর কয়েক ঘণ্টা পর দুই প্রেসিডেন্ট ফোনে কথা বলেন।
২০২২ সালে ইউক্রেইনে রাশিয়ার আক্রমণে সৃষ্ট অস্থিরতার পর সম্প্রতি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আক্রমণে জ্বালানি তেলের মূল্যে সবচেয়ে বড় উল্লম্ফন দেখা দিয়েছে। ইরান কার্যকরভাবে হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ায় পারস্য উপসাগরী তেল সমৃদ্ধ দেশগুলো উৎপাদন হ্রাস করেছে। এতে বিশ্ববাজারে তেলের সরবরাহ সংকট তৈরি হচ্ছে।
ক্রেমলিন জানিয়েছে, ট্রাম্প পুতিনকে ফোন করেছিলেন। এটি চলতি বছরে এই দুই নেতার প্রথম ফোনালাপ। তারা ইরান যুদ্ধ দ্রুত শেষ করার রাশিয়ার ধারণা, ইউক্রেইনের সামরিক পরিস্থিতি এবং বিশ্ব তেলের বাজারে ভেনেজুয়েলার প্রভাব নিয়ে আলোচনা করেন।
নিজের ফ্লোরিডার গল্ফ ক্লাবে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আমার বেশ ভালো আলাপ হয়েছে।
পুতিন ইরান প্রসঙ্গে সাহায্য করার আগ্রহ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
আমি বলেছি, ইউক্রেইন-রাশিয়া যুদ্ধ শেষ করে আপনি আরও বেশি সাহায্য করতে পারেন। সেটা আরও বেশি সহায়ক হবে, বলেন ট্রাম্প।
রয়টার্স জানিয়েছে, তাদের এই ফোনালাপের কয়েক ঘণ্টা আগে পুতিন বলেছিলেন, ইরানের বিরুদ্ধে মার্কিন, ইসরায়েলি যুদ্ধ বিশ্বব্যাপী জ্বালানি সংকট তৈরি করেছে। এর কয়েক ঘণ্টার মধ্যেই পুতিনকে ফোন করেন ট্রাম্প।
পুতিন জানিয়েছেন, বিশ্বের দ্বিতীয় শীর্ষ তেল রপ্তানিকারী ও বৃহত্তম গ্যাস রিজার্ভের দেশ রাশিয়া ইউরোপীয় ক্রেতাদের সঙ্গে কাজ করতে প্রস্তুত যদি তারা দীর্ঘমেয়াদি সহযোগিতায় ফিরে আসতে চায়।
 

Link copied!