পরীক্ষায় জরায়ুর ক্যান্সার রোধে ৯০ ভাগ কার্যকর হিসেবে প্রমাণিত হয়েছে হিউম্যান প্যাপিলোমাভাইরাস (এইচপিভি) ভ্যাকসিন। বিবিসি জানায়, বিশ্বে প্রথমবার এই ক্যান্সার নির্মূলে টিকার সফলতার দেখা পেয়েছেন যুক্তরাজ্যের গবেষকরা।
জীবন রক্ষাকারী ভ্যাকসিনের এই সাফল্যকে ‘ঐতিহাসিক’ ঘটনা হিসাবে উল্লেখ করেছে ক্যান্সার রিসার্চ ইউকে। জরায়ুর প্রায় সব ধরনের ক্যান্সারই ভাইরাসজনিত। তবে এই টিকা জরায়ুর যেকোন ক্যান্সারই নির্মূল করতে পারবে বলে আশা করা হচ্ছে।
নারীদের দেহে এক চতুর্থাংশ ক্যান্সারই জরায়ুতে হয়ে থাকে। আর প্রতি বছর এসব রোগে ৩ লাখের বেশি নারীর মৃত্যু হয়। যদিও গবেষকরা বলেছেন, টিকা দেওয়া হলে ভবিষ্যতে নারীদের জরায়ুর পরীক্ষারও খুব একটা প্রয়োজন হবে না।
নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে জরায়ুমুখের ক্যান্সার পরীক্ষার সুযোগ কম থাকায় প্রতি ১০ জনের মধ্যে নয়জনের নারীর মৃত্যু হয়। তাই টিকাদানের মাধ্যমে এই মৃত্যুহার কমিয়ে আনারা আশা করছেন বিশেষজ্ঞরা।
জরায়ুর মুখের ক্যান্সার নির্মূলের লক্ষ্যে বিশ্বের ১০০টিরও বেশি দেশে এই ভ্যাকসিন ব্যবহার শুরু করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এর আগে ল্যানসেটে প্রকাশিত এক গবেষণায় দেখা যায়, ২০০৮ সালে এই টিকা নেওয়া মেয়ে শিশুদের মধ্যে জরায়ুর ক্যান্সার ৮৭ শতাংশ হ্রাস পেয়েছে।







































