গত এক বছরে ১৭ লাখ অবৈধ অভিবাসী আটক করেছে যুক্তরাষ্ট্র। যা এ পর্যন্ত দেশটির ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক অভিবাসী আটকের রেকর্ড।
যুক্তরাষ্ট্রের কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশনের তথ্য অনুযায়ী, আটক এসব অভিবাসীদের মধ্যে মেক্সিকোর বাসিন্দাই ১০ লাখের বেশি।
এছাড়াও ১৬০ টিরও বেশি দেশ থেকে অবৈধ অনুপ্রবেশকাদরীদের গ্রেপ্তার করেছে কাস্টমস কর্মকর্তারা।
ক্ষমতায় আসার আগে পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্পের চাইতে আরও মানবিক অভিবাসন নীতির প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে নয় মাস কেটে গেলেও যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত অভিবাসন সংকটে সমাধান করতে পারেননি এই ডেমোক্র্যাট নেতা।
জনমত জরিপেও কমে গেছে বাইডেনের জনপ্রিয়তা। বিশেষজ্ঞরা মনে করেন অভিবাসন আর পররাষ্ট্র নীতিই প্রশাসনের বিপর্যয় ডেকে আনছে।
অক্টোবরের শুরুতে অ্যাসোসিয়েটেড প্রেস-এনওআরসি সেন্টার ফর পাবলিক অ্যাফেয়ার্স রিসার্চের এক সমীক্ষায় দেখা যায় মাত্র ৩৫% শতাংশ মার্কিন নাগরিক বাইডেনের অভিবাসন নীতিকে গ্রহণযোগ্য মনে করেন।
এর আগে ২০০০ সালে সর্বোচ্চ ১৬ লাখ অবৈধ অভিবাসী আটক করেছিল যুক্তরাষ্ট্র। তবে ২০২১ সালের সেপ্টেম্বর পর্যন্ত এক বছরে আটক হয়েছে ১৭ লাখ। ১৯৬০ সালে আটক হওয়া অবৈধ অভিবাসীদের সংখ্যা গণনা শুরুর পর থেকে এটিই সর্বোচ্চ।




































