ভারতের উত্তরাখন্ডে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়ে ১১ জন পর্বতারোহীর মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আরও অন্তত ১০ জন নিখোঁজ রয়েছেন।
শনিবার (২৩ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৭ হাজার ফুট ওপরে উত্তরাখন্ডের লামখাগা পাসে ট্রেকিং করার সময় দুর্ঘটনার কবলে পড়েন ১৭ জন পর্যটক। ১৮ অক্টোবর হঠাৎ তুষার ঝড়ের কবলে পড়ে ক্যাম্পের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে ভারতীয় বিমানবাহিনী বিশেষ অভিযান পরিচালনা করে লামখাগা পাসের আশপাশ থেকে ১১ জনের মৃতদেহ উদ্ধার করে।
এদিকে ওই পাহাড়ি এলাকায় আরও একটি পর্যটক দলের ১০ জন সদস্য নিখোঁজ রয়েছেন বলে জানা যায়।
ভারতীয় বিমানবাহিনী জানায়, পর্যটক, গাইড ও পোর্টারদের নিয়ে গঠিত ১৭ জনের দলটি গত সোমবার পথ হারিয়ে ফেলে। ২০ অক্টোবর বুধবার তাদের খোঁজে ভারতীয় বিমানবাহিনীর দুটি হেলিকপ্টার মোতায়েন করা হয়। পরে অভিযান চালিয়ে ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়।
উদ্ধারকারী দল ২১ অক্টোবর বৃহস্পতিবার সমুদ্রপৃষ্ঠ থেকে ১৫ হাজার ৭০০ ফুট উঁচুতে ৪টি মৃতদেহ উদ্ধার করেন। একই দিন ১৬ হাজার ৮০০ ফুট উঁচু থেকে একজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়।
শুক্রবার ১৬ হাজার ৫০০ ফুট উঁচু থেকে আরও ৫টি মৃতদেহ ও একজনকে জীবিত উদ্ধার করা হয়। পরে আরও দুইজনের মৃতদেহ পাওয়া যায়।
বিমানবাহিনী কর্তৃপক্ষ আরও জানায়, মরদেহগুলো স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। উদ্ধার হওয়া ব্যক্তিরা বেশ আহত রয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিখোঁজ পর্যটকদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন বিমানবাহিনীর সদস্যরা।







































