আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর কুন্দুজে বোমা বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা শতাধিক। প্রথমে ৫০ জন নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছিল। -খবর আল-জাজিরা
জুমার নামাজের পর একটি শিয়া মসজিদে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
আল-জাজিরা তাদের খবরে বলেছে, অনেক মুসল্লির রক্তাক্ত লাশ পড়ে রয়েছে।
প্রত্যক্ষদর্শী ও বিভিন্ন সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক বার্তাসংস্থা এএফপি, এপি, ও সংবাদমাধ্যম আল জাজিরা তাদের প্রতিবেদনে জানিয়েছে, ভয়াবহ এ বোমা হামলায় নিহতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে।
এএফপি জানিয়েছে, জুমার নামাজ উপলক্ষে মসজিদে বহু মানুষ নমাজ পড়ছিলেন। বিস্ফোরণে তাদের একটি বড় অংশ নিহত হয়েছেন। তবে ঠিক পর্যন্ত কতজন মারা গেছে, তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি।
তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ টুইট বার্তায় ঘটনাটি নিশ্চিত করেছেন।
জাবিউল্লাহ মুজাহিদ আরও বলেন, গোজার-ই-সৈয়দ আবাদ মসজিদে বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণের ঘটনা তদন্তে একটি বিশেষ টিম ঘটনাস্থলে যাচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে এএফপি বলেন, মসজিদে জুমার নামাজের সময় বিস্ফোরণের বিকট শব্দ শুনতে পায় এলাকাবাসী। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ছবিতে দেখা গেছে, মসজিদটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কারি সাঈদ খোস্তি বিস্ফোরণের সত্যতা নিশ্চিত করে বলেন, “ওই মসজিদটিতে অধিকাংশ শিয়া সম্প্রদায়ের মানুষ নামাজ পড়তেন। বিস্ফোরণের দায় কোনো গোষ্ঠী স্বীকার করেনি।”







































