পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার দাবি উঠলেই সাবার আগে প্রশ্নের মুখে পড়ে বিশ্বের শক্তিধর দেশগুলো। কেননা উন্নত দেশগুলোর সামরিক শক্তি এখনো অনেকাংশেই পারমাণবিক অস্ত্র নির্ভর।
আর তাই আন্তর্জাতিক চুক্তি মেনে অনেক দেশই নিজেদের পরমাণু অস্ত্রের মজুত সীমিত রাখার চেষ্টা করে। স্বচ্ছতার জন্য পরমাণু অস্ত্রের সংখ্যাও প্রকাশ করতে হয় নিয়মিত।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক্ষেত্রে ব্যতিক্রম ছিলেন। তবে নতুন প্রেসিডেন্ট জো বাইডেন সেই রীতি মেনে প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের পরমাণু অস্ত্রের সংখ্যা।
মঙ্গলবার প্রকাশিত তথ্যে জানা গেছে, যুক্তরাষ্ট্রের কাছে এই মুহূর্তে তিন হাজার ৭৫০টি পরমাণু বোমা রয়েছে। এর আগের পরিসংখ্যান মতে, ২০০৩ সালে ১০ হাজারের বেশি পরমাণু অস্ত্রের মালিক ছিল দেশটি।
এপি জানায়, ১৯৬৭ সালে স্নায়ুযুদ্ধের সময় এই সংখ্যা ৩১ হাজার ২৫৫টি। ১৯৮৯ সালে যুক্তরাষ্ট্রের কাছে ২২ হাজার ২১৭টি পরমাণু অস্ত্র ছিল। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এসব তথ্য প্রকাশ করে।
২০১৭ সালের পর পরমাণু অস্ত্রের তথ্য প্রকাশে নিষেধাজ্ঞা জারি করে ট্রাম্প প্রশাসন। তবে তথ্য প্রকাশের সঙ্গে পরমাণু অস্ত্র মজুদ কমাতেও রাশিয়ার সঙ্গে আলোচনা শুরু করতে যাচ্ছনে জো বাইডেন।
ফেব্রুয়ারিতে গণবিধ্বংসী অস্ত্রমুক্ত বিশ্ব গড়া যুক্তরাষ্ট্রের নৈতিক দায়িত্ব বলে জানিয়েছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন। বাইডেনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন ফেডারেশন অফ অ্যামেরিকান সায়েন্টিস্টসসহ বিভিন্ন মহল।




































