যৌন সংসর্গের বিনিময়ে চাকরি দিতেন ডব্লিউএইচও কর্মকর্তারা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২১, ০৪:৩০ পিএম
যৌন সংসর্গের বিনিময়ে চাকরি দিতেন ডব্লিউএইচও কর্মকর্তারা

২০১৮ সালে পশ্চিম আফ্রিকার দেশ কঙ্গোতে ছড়িয়ে পড়ে ভয়াবহ ইবোলা ভাইরাসের সংক্রমণ। প্রাণ হারায় ২ হাজারের বেশি মানুষ।

ইবোলার বিস্তার ঠেকাতে এগিয়ে আসে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। ২০২০ সালের জুন মাসে মহামারির অবসান ঘোষণা করে সংস্থাটি।

তবে অভিযোগ উঠেছে, ইবোলা প্রাদুর্ভাব মোকাবিলার সময় কঙ্গোর নারী ও কিশোরীদের যৌন নির্যাতন করেছেন বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কর্মীরা। যৌন নির্যাতনের দায়ে অভিযুক্ত ৮৩ জন কর্মীর মধ্যে রয়েছেন ডব্লিউএইচওর কর্মকর্তারাও।

অর্ধশতাধিক স্থানীয় নারী যৌন নির্যাতনের অভিযোগ আনার পর এসব অভিযোগের তদন্ত শুরু হয়। সম্প্রতি প্রকাশিত তদন্ত প্রতিবেদনে জানা গেছে, ২০১৮ থেকে ২০২০ সালের মধ্যে এসব নির্যাতনের ঘটনা ঘটে।

তদন্ত কর্মকর্তারা জানান, যৌন সংসর্গের বিনিময়ে নারীদের কাজ দেওয়ার প্রস্তাব দিত বিভিন্ন সংস্থার কর্মীরা। তদন্তে ৮৩ জনের মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২১ জন অভিযুক্ত প্রমাণিত হয়েছেন।

বিবিসি জানায়, হাসপাতালে স্থানীয় নারীদের মদ খাওয়ানোর পর যৌন নির্যাতন করা হতো। তাদের মধ্যে দুজন অন্তঃসত্ত্বা হয়ে পড়েন।

একে ক্ষমার অযোগ্য অপরাধ বলে ক্ষোভ জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম ঘেব্রেইয়েসুস। ক্ষতিগ্রস্তদের সহায়তা ও অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

Link copied!