ইয়োশিহিদে সুগার পদত্যাগের সিদ্ধান্তের পর নতুন প্রধানমন্ত্রী নির্বাচন করেছে জাপানের ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। পার্লামেন্ট ভোটে জয়ী হয়ে পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন দলের শীর্ষ নেতা ফুমিও কিশিদা।
মাত্র এক বছর ক্ষমতায় থাকার পর গ্রহণযোগ্যতা হারিয়ে সম্প্রতি পদত্যাগ করার সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী সুগা। তার স্থলাভিষিক্ত হয়ে আসন্ন সাধারণ নির্বাচনে এলডিপির জয় নিশ্চিত করাই হবে কিশিদার প্রধান চ্যালেঞ্জ।
বিবিসি জানায়, নির্বাচনে সাবেক পররাষ্ট্রমন্ত্রী কিশিদা আরেক সিনিয়র নেতা তারো কোনোকে পরাজিত করেন। জনপ্রিয়তার দিক থেকে এগিয়ে থাকলেও ভোটের লড়াইয়ে পরাজিত হন কোনো।
গত বছরের সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রীর কাছে পরাজিত হয়েছিলেন ৬৪ বছর বয়সী ফুমিও কিশিদা। এদিকে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েই মহামারি পরবর্তী অর্থনৈতিক সংকট আর উত্তর কোরিয়ার হুমকি মোকাবেলায় কঠিন চালেঞ্জের মুখোমুখি হন সুগা।
মহামারি মোকাবেলায় ব্যর্থতার কারণে জনমত জরিপে প্রধানমন্ত্রীর গ্রহণযোগ্যতা তলানিতে পৌঁছায়। এরপরই মাত্র এক বছর ক্ষমতায় থেকে পদত্যাগের সিদ্ধান্ত নেন তিনি।
অন্যদিকে জনগণের মতের বিরুদ্ধে টোকিও অলিম্পিকের আয়োজনের পর থেকেই রোষানলে পড়ে এলডিপি। তবে পার্লামেন্টে ক্ষমতাসীনদের সংখ্যাগরিষ্ঠতা থাকায় প্রধানমন্ত্রী হতে কিশিদাকে তেমন কোনো বাধার সম্মুখীন হতে হয়নি।
জয় নিশ্চিত হওয়ার পর ফুমিও কিশিদা বলেন, “জনগণের মতামতকে প্রাধান্য দেওয়াই আমার প্রধান কাজ। এলডিপিকে সবার জন্য গ্রহণযোগ্য করে গড়ে তোলার পাশাপাশি জাপানকে উজ্জ্বল ভবিষ্যতের দিকে নেতৃত্ব দিতে আমি দৃঢ়প্রতিজ্ঞ।”




































