সন্ত্রাসবাদ আর জাতিবৈষম্য নিয়ে ভারত পাকিস্তানের পাল্টাপাল্টি অভিযোগ উত্তাপ ছড়িয়েছে জাতিসংঘের সাধারণ অধিবেশনে। আল-জাজিরা জানায়, শনিবার (২৫ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের ৭৬তম সাধারণ অধিবেশনে বিরোধে জড়ায় দুই প্রতিবেশী দেশ।
অধিবেশনে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ভিডিও বার্তায় জম্মু-কাশ্মীর মুসলিমদের ওপর অত্যাচারের উদাহরণ টেনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে দেশ থেকে মুসলিমদের তাড়ানোর পরিকল্পনা করার অভিযোগ করেন।
এর প্রতিক্রিয়ায় পাকিস্তানে উগ্রবাদের প্রসঙ্গ টেনে ভারতের ফার্স্ট সেক্রেটারি স্নেহা দুবে বলেন, নিষিদ্ধ সন্ত্রাসীদের আশ্রয় দেওয়ার রেকর্ড আছে দেশটির। এসময় মার্কিন অভিযানে নিহত জঙ্গিগোষ্ঠী আল-কায়দা প্রধান ওসামা বিন লাদেনকে পাকিস্তানে আশ্রয় দেওয়ারও উদাহরণ দেন তিনি।
এছাড়াও কাশ্মীরকে ভারতের অবিচ্ছেদ্য অংশ উল্লেখ করে অভ্যন্তরীণ বিষয়ে ইমরান খানের মন্তব্য প্রত্যাখ্যান করেন তিনি। পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদে সক্রিয় সমর্থন ও জঙ্গিদের প্রশিক্ষণ, অর্থায়ন ও অস্ত্রশস্ত্র দেওয়ারও অভিযোগ করেন দুবে। পাকিস্তানের এমন নীতির কারণে গোটা বিশ্ব ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
মূলত জম্মু ও কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা সৈয়দ আলী শাহ গিলানির মৃত্যুর পর কাশ্মীর পরিস্থিতি নিয়ে ইমরান খানের মন্তব্যের পর থেকেই দেশটির ওপর ক্ষুব্ধ ভারত।


































