নাইন ইলেভেন হামলার ২০তম বার্ষিকী পালনের দুই দিন পর সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের ওপর ক্ষোভ ঝাড়লেন আরেক সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জর্জ বুশকে কটাক্ষ করে তার সরকারকে ‘ব্যর্থ ও অবাঞ্ছিত’ বলে মন্তব্য করেন ট্রাম্প।
গত শনিবার, নাইন ইলেভেনের বার্ষিকীতে বক্তব্য দিতে গিয়ে যুক্তরাষ্ট্রের বাইরের উগ্রবাদীদের সঙ্গে দেশের ভেতর থাকা উগ্রপন্থীদের তুলনা করেন বুশ। এছাড়া গত ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে তাণ্ডব চালানো ট্রাম্প সমর্থকদের সঙ্গে বিদেশি উগ্রবাদীদের চেতনার মিল রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
যুক্তরাষ্ট্রকে এগিয়ে নিয়ে যেতে উগ্রবাদ মোকাবেলায় মার্কিনদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বুশ। বুশের এই বক্তব্যের কারণেই চটেছেন ট্রাম্প।
এর জবাবে সোমবার এক ইমেইলে ট্রাম্প বুশকে বলেন, “আফগানিস্তান ও মধ্যপ্রাচ্যে যুদ্ধ বাধানো (ও পরাজিত) জর্জ বুশকে উগ্রবাদ নিয়ে ভাষণ দিতে দেখে খুব মজা পেলাম। যুক্তরাষ্ট্রের ডানপন্থী লোকজন বাইরের উগ্রবাদীদের চেয়ে ভয়ংকর, এমন কথাও তার কাছে শুনতে হচ্ছে!”
“…তাই যদি হয় তাহলে তিনি কেন (যুদ্ধের জন্য) কোটি কোটি ডলার খরচ করে লাখ লাখ মানুষের মৃত্যু ঘটালেন? তার শাসনামলে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলা হয়েছিল। বুশ একটি ব্যর্থ এবং অবাঞ্ছিত সরকারের নেতৃত্ব দিয়েছেন। তাই ভাষণ দেওয়া তাকে মানায় না!”







































