ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের বিজেপির এক উন্নয়নমূলক প্রচারের ছবিতে ব্যবহার করা হয়েছে পশ্চিমবঙ্গের এক ফ্লাইওভারের ছবি। এ নিয়ে অস্বস্তিতে পড়েছে কেন্দ্রের ক্ষমতাসীন দল।
বিবিসি জানায়, ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকার ওই বিজ্ঞাপনে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ছবির সঙ্গে যুক্ত করা হয়েছে কলকাতার একটি ফ্লাইওভার ও স্কাইলাইনের ছবি। বিজেপির উন্নয়ন-সূচকে ভুল করে তৃণমূলের প্রকল্পের ছবি ব্যবহার নিয়ে সামাজিক মাধ্যমেও চলছে ব্যাপক হাসাহাসি।
একদিকে পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস ব্যর্থতার দায় চাপাচ্ছে বিজেপির ওপর। অন্যদিকে বিজেপির দোষ দিচ্ছে বিজ্ঞাপন সংস্থাকে। ছবি-বিভ্রাটের দায় স্বীকার করে ক্ষমা চেয়ে বিবৃতি দিয়েছে পত্রিকাটিও, তবে তাতে বিতর্ক আরও বেড়েছে।
‘ট্রান্সফর্মিং উত্তরপ্রদেশ’ শিরোনামে ইন্ডিয়ান এক্সপ্রেসের বিজ্ঞাপনে ছবিতে মা ফ্লাইওভার, ও কলকাতার হলুদ ট্যাক্সি দেখে সহজেই এটি কোথায় তোলা তা বোঝা যায়। তবে বিজ্ঞাপনে এই ছবির সঙ্গে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের উন্নয়নমূলক কর্মকাণ্ডের বর্ণনাই গন্ডগোল বাঁধায়।
বিজেপির বিরুদ্ধে ‘ছবি চুরি’র অভিযোগ এনেছেন তৃণমূল নেতা অভিষেক ব্যানার্জি। তবে উত্তরপ্রদেশ বা দিল্লির বিজেপির নেতারা এখনও কোন মন্তব্য করেননি।






























