আফগানিস্তানে নারী শিক্ষার্থীদের শিক্ষাঙ্গনে ফেরাতে নতুন নীতিমালা ঘোষণা করেছে তালেবান। রবিবার দেশটির নতুন উচ্চশিক্ষা মন্ত্রী আবদুল বাকী হাক্কানির বিবৃতির বরাতে এ তথ্য জানায় বিবিসি।
তালেবানের শিক্ষামন্ত্রী হাক্কানি ঘোষণা দেন, নারীদের পড়াশোনার অনুমতি দেওয়া হবে, তবে পুরুষদের সঙ্গে পড়তে পারবেন না তারা। আফগান বিশ্ববিদ্যালয়গুলোতে নারী-পুরুষ আলাদা ক্লাস চালু করা হবে। নারী শিক্ষার্থীদের জন্য চালু করা হবে ইসলামিক পোশাকের নতুন ‘ড্রেস কোড’।
এছাড়াও পড়াশোনার বিষয়গুলোও সংস্কার করা হবে বলে জানান এই নেতা। ইসলামিক পাঠ্যসূচীর সঙ্গে নতুন শিক্ষানীতিতে জাতীয় ঐতিহ্য ও মূল্যবোধের ওপর জোর দেওয়া হবে।
বিশ্ববিদ্যালয়গুলোতে নারী ও পুরুষদের আলাদা ক্লাসরুমের ব্যবস্থা করার মতো সামর্থ্য না থাকায় অনেক নারী শিক্ষার্থী ঝড়ে পড়বে এমন অভিযোগ তুলেছেন অনেকেই।
তবে হাক্কানি দাবি করছেন আফগানিস্তানে পর্যাপ্ত সংখ্যক নারী শিক্ষিকা আছেন এবং যেখানে নারী শিক্ষিকা নেই সেখানে পুরুষ শিক্ষকরা পর্দার বাইরে থেকে মেয়েদের ক্লাস নিতে পারবে। প্রয়োজনে অনলাইনে বা আলাদা প্রযুক্তির মাধ্যমে ক্লাস করতে হবে।
১৯৯৬ থেকে ২০০১ সালে তালেবান শাসনকালে নারী শিক্ষা নিষিদ্ধ করা হয়েছিল। এবারও ক্ষমতা দখলের পর নারীদের শিক্ষা ব্যবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তন আনছে তারা।
এর আগে শনিবার প্রেসিডেন্ট ভবনে নিজেদের পতাকা উত্তোলন করে তালেবান। একে নতুন প্রশাসনের ক্ষমতাগ্রহণের ইঙ্গিত হিসেবেই দেখা হচ্ছে।







































