সামরিক কুচকাওয়াজে বাবা কিম ও কিশোরী মেয়ে জু


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ০৮:২০ পিএম
সামরিক কুচকাওয়াজে বাবা কিম ও কিশোরী মেয়ে জু

উত্তর কোরিয়ার নেতা কিম জং–উনের মেয়ে গত বুধবার রাতে পিয়ংইয়ংয়ে এক সামরিক কুচকাওয়াজে উপস্থিত ছিলেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে বৃহস্পতিবার এ দৃশ্য দেখানো হয়েছে। তাকে কিমের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে গড়ে তোলা হচ্ছে—এমন গুঞ্জনের মধ্যেই তাকে সামরিক কুচকাওয়াজে দেখা গেল।

জু আয়ে নামের কিশোরী মেয়েটি শাসক দল ওয়ার্কার্স পার্টির নবম কংগ্রেসের সমাপ্তি উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজে অংশ নেয়। এটি দেশটির রাজনৈতিক ক্ষেত্রে সবচেয়ে বড় আয়োজন। সেখানে কোনো নীতি পরিবর্তনের ইঙ্গিত আছে কি না, বিশ্লেষকেরা তার ওপর গভীরভাবে দৃষ্টি রাখছেন।


রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ প্রকাশিত একটি ছবিতে দেখা যায়, জু আয়ে তার বাবার পাশে এবং জ্যেষ্ঠ সামরিক নেতাদের সঙ্গে দাঁড়িয়ে কুচকাওয়াজে তালি দিচ্ছে। বাবা ও মেয়ে—উভয়কেই কালো রঙের লেদার ট্রেঞ্চ কোট পরা অবস্থায় দেখা গেছে।

অন্য এক ছবিতে জু আয়েকে কিম ও সামরিক নেতাদের পাশে থেকে যুদ্ধবিমানের মহড়া দেখতে দেখা যায়।

কেসিএনএ এই কুচকাওয়াজে কিশোরীর ভূমিকা সম্পর্কে স্পষ্টভাবে কিছু বলেনি। তবে কিম পরিবারের বংশানুক্রমিক শাসনের ওপর ভিত্তি করে গড়ে ওঠা এ ব্যবস্থায় তাঁর উপস্থিতি উত্তরাধিকার–সংক্রান্ত জল্পনাকে আরও উসকে দিচ্ছে।

দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থা (এনআইএস) এ মাসের শুরুতে আইনপ্রণেতাদের জানিয়েছিল, কিশোরী জু আয়ে নীতিনির্ধারণী বিষয়ে মতামত দিচ্ছেন—এমন লক্ষণ দেখা গেছে। এর মাধ্যমে প্রতিফলিত হচ্ছে, সে ‘অভ্যন্তরীণভাবে উত্তরসূরি হওয়ার পর্যায়ে রয়েছে’।
২০২২ সালের শেষের দিকে আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সময় বাবার সঙ্গে প্রথমবার জনসমক্ষে এসেছিল জু আয়ে। এর পর থেকে গত তিন বছরে জু আয়েকে ক্রমাগত গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে দেখা যাচ্ছে। তখন রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাকে কিমের ‘প্রিয়’ মেয়ে হিসেবে বর্ণনা করেছিল।

এর আগে বিভিন্ন ছবিতে জু আয়েকে লম্বা চুল ও দামি লেদারের জ্যাকেট বা পশমযুক্ত কোট পরা অবস্থায় দেখা গেছে। ক্ষেপণাস্ত্র পরীক্ষা, সামরিক অনুষ্ঠান এবং বড় বড় জাতীয় উদ্‌যাপনসহ বিভিন্ন অনুষ্ঠানে তার উপস্থিতি দেখা গেছে। রাষ্ট্রীয় প্রচারযন্ত্র ধীরে ধীরে তাকে সবার সামনে নিয়ে আসছে।

Link copied!