ইফতার মাহফিলে এমপি মো. মোবাশ্বের আলম ভুঁইয়ার বক্তব্য ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ছবি: ভিডিও থেকে নেওয়া
কুমিল্লা-১০ (নাঙ্গলকোট ও লালমাই) আসনের বিএনপি দলীয় এমপি মো. মোবাশ্বের আলম ভুঁইয়ার একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এবার ভোটে তার আসনে কিছু বিএনপি নেতার স্ত্রী জামায়াতকে ভোট দিয়েছে উল্লেখ করে ওই নেতাদের স্ত্রীকে তালাক দেওয়ার কথা বলেন।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) থেকে তার এই বক্তব্যের ভিডিও ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর আগে মঙ্গলবার ওই আসনের লালমাই উপজেলা পরিষদ মাঠে উপজেলা বিএনপি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বিএনপির কিছু নেতাকর্মীর উদ্দেশ্যে তিনি প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন বলে জানা গেছে।
ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালমাই উপজেলা বিএনপির সভাপতি মো. মাসুদ করিম।
ভাইরাল হওয়া ২ মিনিটের একটি বক্তব্যে এমপি মোবাশ্বের আলম ভুঁইয়াকে বলতে শোনা যায়, ‘আপনাদের কাছে আমি ঋণী, আমার কিছু কিছু মুনাফেকের কাছেও আমি ঋণী আছি। এরা ভোটের দিন কিচ্চে (কি করেছে) জানেননি, এরা কিন্তু আমার দলের বড় বড় নেতা। এরা জামাতকে অর্থ দিয়েছে, অর্থ। নিজের বউ জামাতরে ভোট দিছে। বেশরম, এখন মুখ দেখাইতে আইছে। তুই কচু গাছের লগে ফাঁসি দিয়া মরতি হারচ্ছা? তুই বেডি (স্ত্রী) এইডার লগে ঘর করছ কেমনে। কয়-আই কিত্তাম, হেতি কথা দিয়া লাইছে। তয়, হেতিরে (স্ত্রী) তালাক দিয়া দে।’
বক্তব্যে তিনি আরও বলেন, ‘যে জামাইকে সম্মান করে না, সে পরিবারকে সম্মান করে না। আমি এর আগে বলছি না, নফল এবাদত করতে অইলেও তো মহিলাদের জামাইর অনুমতি নিতে হয়। আর তুমি ভোট দিয়া লাইছ ৫০০ টেহার (টাকা) বিনিময়ে।’
বক্তব্যে এমপি মোবাশ্বের আরও বলেন, ‘আমাগো নেতারা জামাতরে টাকা দিছে, হেতাগো (তাদের) এসিআর আমার কাছে আইগেছে। এখন উনারা কি করে জানেননি, ঢাকা যাই বই থাহে, আমার লগে সেলফি তোলে। পাপের প্রায়শ্চিত্ত বলে সেলফি দিয়া অই যাইব! আই এমনে ধরি কই (অঙ্গভঙ্গি করে), কিয়ারে চিটিং তুই ভোটের দিন কোনাই আছিলি, অহন কইত্তো আইছত? (ভোটের দিন কোথায় ছিলি, এখন কোত্থেকে এসেছিস)। হেগুন এলাকায় আই আঁর নামে (ওরা এলাকায় এসে আমার নামে) বদনাম রটায়-নেতা খারাপ ব্যবহার করে। এরকম খারাপ ব্যবহার আমার আজীবন চলবে।’
বক্তব্যে তিনি বলেন, ‘আপনাদের কারও সাথে খারাপ ব্যবহার কইচ্ছিনি, তাইলে কার লগে খারাপ ব্যবহার করি, ওই হেতার লগে। যেতে আঁর কেন্দ্র বেচিয়ালাইছে (যে আমার কেন্দ্র বিক্রি করে দিয়েছে)। .... আমাদের নাকি প্রার্থী ঠিক নাই, প্রার্থীর দরকার কী ধানের শীষ থাকলেই তো অইল। এই বদমাইশ, এগুলোরে চিহ্নিত করছি আরও করব।’
এ বিষয়ে একাধিকবার চেষ্টা করেও এমপি মো. মোবাশ্বের আলম ভুঁইয়ার বক্তব্য জানা যায়নি।
তবে অনুষ্ঠানের সভাপতি ও লালমাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউছুফ আলী মীর পিন্টু বলেন, ‘আমাদের (বিএনপি) নেতাকর্মীদের অনেকের স্ত্রী জামায়াতের প্রার্থীকে ভোট দিয়েছেন, স্বামী দিয়েছেন বিএনপির প্রার্থীকে। কেউ কেই আবার ৫০০ টাকায়ও ভোট বিক্রি করেছেন। তাই, আমাদের নেতা (এমপি মোবাশ্বের) দলের কিছু নেতাকর্মীর প্রতি অভিমান করে এমন বক্তব্য দিয়েছেন।’





































