বিশ্ব সাদাছড়ি দিবস

ডিজিটাল সাদাছড়ি, নিরাপদে পথ চলি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২১, ০৫:১০ পিএম
ডিজিটাল সাদাছড়ি, নিরাপদে পথ চলি

১৫ অক্টোবর, বিশ্ব সাদাছড়ি দিবস। দৃষ্টিপ্রতিবন্ধীদের অধিকার নিয়ে কাজ করা বিশ্বের বিভিন্ন সংস্থা নানা আয়োজনে দিবসটি পালন করছে। সারা বিশ্বের মতো বাংলাদেশেও আজ পালিত হচ্ছে দিবসটি।

১৯৬৪ সালের ১৫ অক্টোবর প্রথম দিবসটি পালিত হয়। অন্ধ বা দৃষ্টিপ্রতিবন্ধী এবং অন্ধত্ব এবং স্বাধীনতার হাতিয়ারের প্রতীক, সাদা বেতের লোকদের কৃতিত্ব উদ্‌যাপনের জন্য তারিখটি আলাদা করা হয়েছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে- “ডিজিটাল সাদাছড়ি, নিরাপদে পথ চলি।”

বাংলাদেশ দিবসটি পালন উপলক্ষে সমাজকল্যাণ মন্ত্রণালয় রাজধানীর মিরপুরে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনে র‌্যালি, আলোচনা সভার আয়োজন করেছে। এ ছাড়া দৃষ্টিপ্রতিবন্ধী মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া হয়েছে। এ জন্য উচ্চমাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের এককালীন অনুদান দেওয়া হয়েছে।

এদিকে দিবসটি উপলক্ষে দেশের ৬৪ জেলায় আলোচনা সভার আয়োজন করা হয়। দৃষ্টিপ্রতিবন্ধীদের মাঝে এ সময় স্মার্ট সাদাছড়ি বিতরণ করা হয়।

লায়নস ইন্টারন্যাশনালের তথ্যমতে, বিশ্বে ২ কোটি ৫০ লাখ মানুষ পুরোপুরি ও আংশিকভাবে দৃষ্টিপ্রতিবন্ধী। তাদের নিরাপদে সড়ক ও অন্যান্য স্থানে চলাচলের সুবিধায় সাদাছড়ি ব্যবহার করা হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, বিশ্বে ২২০ কোটির বেশি মানুষ চোখের সমস্যায় ভুগছে। তবে নিম্ন-মধ্যম আয়ের দেশগুলোতে অন্যান্য দেশের তুলনায় আক্রান্তদের হার চার গুণ। পৃথিবীতে ১০০ কোটির বেশি মানুষ চোখের প্রয়োজনীয় যত্ন পায় না। এত বড় একটি অংশ দৃষ্টি সমস্যায় থাকায় উৎপাদনশীলতায় প্রতিবছর পুরো বিশ্ব প্রায় ৪১০ বিলিয়ন ডলারের ক্ষতির সম্মুখীন হচ্ছে।

Link copied!