মিডিয়ার প্রেশারের কারণেই ‘জজ মিয়া নাটক’ হয়েছিল: আইজিপি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ৯, ২০২৬, ১১:৩৮ পিএম
মিডিয়ার প্রেশারের কারণেই ‘জজ মিয়া নাটক’ হয়েছিল: আইজিপি

পুলিশের ওপর মানসিক চাপ তৈরি হয়, এমন পরিস্থিতি (মিডিয়া প্রেশার) তৈরি না করতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। তিনি বলেন, ‘যখন কোনো ঘটনা ঘটে, আপনারা এমনভাবে প্রশ্ন করেন যে ঘটনা ঘটেছে এখনই বিচার করতে হবে, উদ্ঘাটন করতে হবে। এমনও হত্যার ঘটনা রয়েছে, সেটা উদ্ঘাটন করতে ২০ থেকে ২৫ বছর সময় লেগে যায়। আপনারা এমনভাবে প্রেশার তৈরি করবেন না, যাতে পুলিশের ওপর মেন্টাল প্রেশার তৈরি হয়। যার প্রমাণ আপনারা দেখেছেন “জজ মিয়া নাটক”।’
আইজিপি বলেন, ‘মিডিয়া প্রেশারের কারণে আমি মনে করি এই বিষয়গুলো তৈরি হয়েছে। এগুলো এখন যেন তৈরি না হয়, আপনারা আমাদের “রেসপন্স টাইম” দেবেন।’
 সোমবার পুলিশ সদর দপ্তরের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির এ কথা বলেন। তিনি দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক চ্যানেলে কাজ শুরু হয়েছে বলেও জানান পুলিশের এই শীর্ষ কর্মকর্তা। তিনি বলেন, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে। দলীয় পরিচয় থাকলেও কাউকে ছাড় দেওয়া হবে না।
গত শনিবার দিবাগত রাতে বাংলাদেশ সীমান্তবর্তী পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকা থেকে শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তাঁর সহযোগী আলমগীর হোসেনকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ।
আজকের সংবাদ সম্মেলনে আইজিপি আরও জানান, পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সড়ক ও মহাসড়কে চাঁদাবাজি ও ডাকাতি ঠেকাতে পুলিশ তৎপর রয়েছে। কিশোর গ্যাং নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
আইজিপি আরও জানান, ‘জুলাই বিপ্লব’কে কেন্দ্র করে কেউ যেন ফায়দা লুটতে না পারে, সেদিকেও নজর রাখছে পুলিশ।
পুলিশকে জনগণের কাছাকাছি আনতে থানাগুলোকে ‘জিরো কমপ্লেইন থানা’ হিসেবে প্রতিষ্ঠা করতে চান বলেও উল্লেখ করেন তিনি। আইজিপির মতে, প্রতিটি থানায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বসানো গেলে অনেক সমস্যার দ্রুত সমাধান সম্ভব হবে।
সংবাদ সম্মেলনে পুলিশের পোশাক পরিবর্তনের প্রসঙ্গেও কথা বলেন আইজিপি। এ বিষয়ে তিনি বলেন, এ বিষয়ে সরকারের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছে পুলিশ।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!