পিতৃত্বকালীন ছুটিতে যাবেন রণবীর


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৫, ২০২৬, ১১:৪৫ এএম
পিতৃত্বকালীন ছুটিতে যাবেন রণবীর

বলিউড অভিনেতা রণবীর সিং নতুন সিনেমা ‘প্রলয়’-এর শুটিং শুরু করার প্রস্তুতি নিচ্ছেন। তবে কাজের ব্যস্ততার মধ্যেই পরিবারকে সময় দিতে বড় সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বিভিন্ন ভারতীয় গণমাধ্যমের খবর, দ্বিতীয় সন্তানের জন্ম উপলক্ষে স্ত্রী দীপিকা পাড়ুকোনের পাশে থাকতে পিতৃত্বকালীন ছুটিতে যাবেন এই অভিনেতা। জানা গেছে, পরিচালক জয় মেহতার জম্বি থ্রিলার ‘প্রলয়’ আগামী আগস্টে ফ্লোরে যাবে। দীপাবলি পর্যন্ত সিনেমাটির প্রথম ধাপের শুটিং করবেন রণবীর। এরপর কয়েক মাসের জন্য শুটিং স্থগিত রাখা হবে, যাতে তিনি পরিবারের সঙ্গে সময় কাটাতে পারেন। পরিকল্পনা অনুযায়ী, সিনেমাটির দ্বিতীয় ধাপের শুটিং শুরু হবে ২০২৭ সালে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, দীপিকা পাড়ুকোনের দ্বিতীয় সন্তান সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে জন্ম নিতে পারে। প্রথম সন্তান দুয়ার জন্মের পর দীপিকা মাতৃত্বকালীন ছুটি নিয়েছিলেন, রণবীর সিংও দীর্ঘদিন শুটিং বিরতি নিয়েছিলেন। এবার একইভাবে নবজাতকের সঙ্গে সময় কাটাতে চান রণবীর ও দীপিকা।

‘প্রলয়’ সিনেমার চিত্রনাট্য লিখেছেন পরিচালক জয় মেহতা ও বিশাল কাপুর। এটি একটি বড় বাজেটের জম্বি থ্রিলার, যার নির্মাণ ব্যয় প্রায় ৩০০ কোটি রুপি বলে জানা গেছে। সিনেমাটির বড় একটি অংশ অস্ট্রেলিয়ায় ধারণ করা হবে। ভিন্নধর্মী এই চরিত্রের জন্য এরই মধ্যে প্রস্তুতি শুরু করেছেন রণবীর সিং।

Link copied!