গুণী চলচ্চিত্র পরিচালক এম এ আউয়াল আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি মঙ্গলবার (৮ মে) রাজধানীর মগবাজার দিলু রোডেরএকটি মেসে রাতে মারা গেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বরেণ্য চলচ্চিত্র পরিচালক শাহ আলম কিরণ।
তিনি সংবাদ প্রকাশকে বলেন, “পরিচালক এম এ আউয়াল, আনোয়ার সিরাজীসহ ৭-৮ জন কলাকুশলী নিয়ে একটি মেসে থাকত, গতকাল আনোয়ার সিরাজী বিকালে তার সঙ্গে কথা বলে এফডিসিতে আসেন। সে সময়ই তার শরীরটা ভালো ছিল না বলেছিলেন। রাতে বাসায় গিয়ে দেখেন দরজা ভেতর থেকে বন্ধ। অনেক ডাকাডাকির পর দরজা না খুললে পুলিশকে খবর দিয়ে দরজা ভেঙে ঢুকে তার নিথর দেখ দেখতে পান।”
এফডিসিতে তার জানাজা হবে কি না, তা জানতে চাইলে শাহ আলম কিরণ বলেন, ‘তার আত্মীয়দের খবর দেওয়া হয়েছে তার এলে বলা যাবে জানাজা কোথায় হবে।’
এম এ আউয়ালের বাড়ি কেরানীগঞ্জের আঁটিতে। তিনি ব্যক্তিজীবনে বিয়ে করেননি। তার বয়স হয়েছিল ৫৫ বছর।
এম এ আউয়াল চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেলের সহযোগী পরিচালক হিসেবে ‘সিটি রংবাজ’ ছবিতে কাজ করেন। এরপর তিনি পূর্ণ পরিচালক হিসেবে ‘রাজপথের বাদশা’ ও ‘কাছের শত্রু’ ছবি পরিচালনা করেন।





































