ফের একসঙ্গে শাহরুখ-কারিনা?


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৬, ১২:০৯ পিএম
ফের একসঙ্গে শাহরুখ-কারিনা?

শাহরুখ-কারিনার রোমান্স ও নাচে ভরপুর ২০১১ সালের ‘রা.ওয়ান’ সিনেমার জনপ্রিয় গান ‘ছাম্মাক ছাল্লো’ আজও অনুরাগীদের হৃদয়ে তাজা। দীর্ঘ ১৫ বছর পর আবারও পর্দায় সেই আইকনিক রসায়ন নিয়ে ফিরছেন জনপ্রিয় জুটি।

কিং খানের মেগা প্রজেক্ট ‘কিং’-এর জন্য মুম্বাইতে একটি ডান্স নম্বরের শুটিং শুরু করেছেন এই সুপারস্টার জুটি।

ভ্যারাইটি ইন্ডিয়ার সূত্রে জানা গেছে, ২৭ অক্টোবর থেকেই শুরু হয়েছে এই পার্টির গানের  দৃশ্যধারণ।

খ্যাতিমান কোরিওগ্রাফার বৈভবী মার্চেন্টের পরিচালনায় এবং আন্তর্জাতিক ডান্সারদের উপস্থিতিতে গানটিকে ‘ছাম্মাক ছাল্লো’-র মতো একটি বিশাল ও হাই-এনার্জি ট্র্যাকে পরিণত করার পরিকল্পনা করছেন নির্মাতারা।

ক্রিসমাসের আগে এটি হতে চলেছে বলিউডের সবচেয়ে জমকালো মিউজিক ভিডিও।

এদিকে ইনস্টাগ্রামে প্রকাশ্যে আসা ‘কিং’-এর নতুন পোস্টারে শাহরুখকে দেখা গেছে একেবারেই ভিন্ন ও রুক্ষ এক রূপে। অগোছালো চুল, ছেঁড়া পোশাক, রক্তাক্ত বুক এবং ঠোঁটের মাঝে লাল গোলাপের সঙ্গে হাতে বন্দুক, সব মিলিয়ে বলিপাড়ার বাদশাহ যে পর্দায় ধামাকা করতে আসছেন তা স্পষ্ট।

সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় এবং সুজয় ঘোষের গল্পে তৈরি এই সিনেমায় শাহরুখের সঙ্গে দেখা যাবে তার কন্যা সুহানা খানকেও।

এ ছাড়াও অভিষেক বচ্চন, দীপিকা পাড়ুকোন, রানি মুখার্জি ও অনিল কাপুরের মতো বড় বড় তারকাদের উপস্থিতিতে নির্মিত এই সিনেমা আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে বিশ্বজুড়ে মুক্তি পেতে যাচ্ছে।

Link copied!