ফের আরিয়ান খানের জামিন নামঞ্জুর। আজ বুধবার মুম্বাইয়ের একটি আদালত তার জামিন নামঞ্জুর করে। এনডিটিভির খবরে বলা হয়, আগামীকাল আবার তার জামিন শুনানি অনুষ্ঠিত হবে।
এদিকে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, আরিয়ানের জামিনের বিরোধিতা করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। এনসিবির দাবি, আন্তর্জাতিক মাদকচক্রের সঙ্গে জড়িত আরিয়ান। ইতিমধ্যেই আরিয়ানের হোয়াটসঅ্যাপ চ্যাট ঘেঁটে উপযুক্ত তথ্য-প্রমাণ হাতে এসেছে তাদের হাতে।
এর আগে গত ২ অক্টোবর রাতে মুম্বাই থেকে গোয়াগাম প্রমোদতরীতে আয়োজিত মাদক পার্টিতে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি)। সেখান থেকে আরিয়ানসহ অনেককে আটক করে তারা। প্রায় ১৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর আরিয়ান খান, আরবাজ মার্চেন্ট, মুনমুন ধামেচাসহ আরও ১৭ জনকে গ্রেফতার করে এনসিবি।
এরপর গত বৃহস্পতিবার শুনানি শেষে আদালত ১৪ দিনের জন্য জেলে পাঠিয়েছেন আরিয়ানসহ অন্যদের। শুক্রবার তাদের আইনজীবী জামিন আবেদন করলেও তা নাকচ করে দেন আদালত।
এদিকে, জেলে যাওয়ার আগে আরিয়ানসহ প্রত্যেকের করোনা পরীক্ষা করানো হয়। করোনা পরীক্ষায় সবার নেগেটিভ ফল এসেছে। অভিযুক্ত আটজনই করোনার টিকা নিয়েছেন।


































