ঢাকাই সিনেমার জনপ্রিয় খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। তবে সিনেমায় নায়কের চরিত্রে অভিনয় করেও সাফল্য পেয়েছেন। দেশে রয়েছে তার অগণিত ভক্ত। শুধু তা-ই নয়, প্রতিবেশী দেশ ভারতের কলকাতায়ও রয়েছে এই তারকার ভক্ত। তাই এবার সেই ভক্তদের মাতাতে যাচ্ছেন ডিপজল।
বুধবার (২১ ডিসেম্বর) দুপুরে ডিপজল নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন। বলেছেন, “২৩ ডিসেম্বর আমি যাচ্ছি কলকাতার মুর্শিদাবাদ। আশা করি সবাই থাকবেন।”
ডিপজল জানিয়েছেন, মুর্শিদাবাদের জলঙ্গী জোড়তলায় অবস্থিত জলঙ্গী মহাবিদ্যালয় প্রাঙ্গণে হবে এই আয়োজন। ‘মেগা মিউজিক্যাল ধামাকা’ অনুষ্ঠানটির আয়োজন করেছে দাঁইড় পাড়া গোল্ডেন সোসাইটি। এতে বাংলাদেশ থেকে অভিনেতা ডিপজল ছাড়াও পারফরম্যান্স করবেন জনপ্রিয় গায়ক এফ এ সুমন ও গায়িকা শারমীন দীপু।
এ ছাড়া কলকাতা থেকে এই আয়োজন মাতাবেন অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি, রুকমা রায়, মীর অ্যান্ড ব্যান্ডেজ, সুমনা দাস, জি বাংলার সারেগামাপা খ্যাত রাজা রায়, মিলি বোস ও দোস্তজী।
আগামী শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় শুরু হবে অনুষ্ঠানটি। টিকিটের দাম রাখা হয়েছে ৭০০, ৫০০ ও ২০০ রুপি।

































