‘আমাকে মনে রাখাটাই সবচেয়ে বড় উপহার’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ২৩, ২০২৬, ০২:৫১ এএম
‘আমাকে মনে রাখাটাই সবচেয়ে বড় উপহার’

নৃত্যশিল্পী, মডেল ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌয়ের বাবা প্রয়াত সাইফুল ইসলাম ছিলেন সংগীতশিল্পী। তার অনেক জনপ্রিয় গান আছে। এরমধ্যে ‘সোনার কাঠি রুপোর কাঠি’ অন্যতম। এটি লিখেছেন গানের গীতিকার নয়ীম গহর, সুর করেছেন আনোয়ার পারভেজ। তারাও প্রয়াত। নতুন খবর হলো, গানটি নতুন আঙ্গিকে গেয়েছেন ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা। তার অনুরোধে এতে কবিতা পাঠ করেছেন মৌ। সংগীতায়োজনে রাজন সাহা।

মৌ জানান, ‘সোনার কাঠি রুপোর কাঠি’ তার বাবার অনেক পুরনো এবং জনপ্রিয় একটি গান। বিপ্লব সাহা গানটি নতুনভাবে সামনে আনায় তিনি আবেগাপ্লুত।

মৌ বলেন, ‘বিপ্লব সাহা ছোটবেলা থেকেই আমার বাবার গানের ভক্ত। আমার বাবার গান সে গাইত। তখনো সে জানতো না আমি তার মেয়ে!’

বাবার গানের নতুন সংস্করণে কবিতা পাঠের অভিজ্ঞতা প্রসঙ্গে মৌ বলেন, ‘গানের মাঝখানে কয়েকটি লাইন আওড়াতে হয়েছে। বিপ্লব সাহা আমার দীর্ঘদিনের বন্ধু। আমার এই ফ্যাসফ্যাসে গলা তার পছন্দ হয়েছে, তাই অনুরোধে কিছু কথা উচ্চারণ করতে হলো গানে।’

এদিকে গত শনিবার জন্মদিন কাটিয়েছেন সাদিয়া ইসলাম মৌ। তিনি জানান, জন্মদিনে বড় কোনো আয়োজন তার পছন্দ নয়। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি। তবে এবারের জন্মদিনে বিশ্বরঙের স্বত্বাধিকারী বিপ্লব সাহা চমকে দিয়েছেন তাকে। মৌ বলেন, “আমি ঘুমিয়ে ছিলাম। হঠাৎ দেখি বিপ্লব এসেছে। ‘বিশ্বলক্ষ্মী’ লেখা একটি কেক আর একটি শাড়ি নিয়ে হাজির হয়েছে।”

জন্মদিনে স্বামী জাহিদ হাসানের কাছ থেকে বিশেষ কোনো উপহার পেয়েছেন কি না— জানতে চাইলে মৌ বলেন, ‘আমাকে মনে রাখাটাই সবচেয়ে বড় উপহার।’

Link copied!