ফিফা বিশ্বকাপের উন্মাদনা ছড়িয়ে পড়েছে দেশজুড়ে। প্রিয় দলকে সমর্থন জানাতে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়েছেন শোবিজ অঙ্গনের তারকারাও। তাঁদের মধ্যে অন্যতম জনপ্রিয় চিত্রনায়িকা 'দিলারা হানিফ পূর্ণিমা'। যিনি আর্জেন্টিনার জয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন এক আবেগঘন বার্তায়।
আর্জেন্টিনার জয় নিশ্চিত হওয়ার পর নিজের ভেরিফায়েড ফেইসবুক পেইজে আকাশি-সাদা জার্সি পরা দুটি ছবি প্রকাশ করেন পূর্ণিমা। ছবিগুলোর সঙ্গে তিনি লিখেছেন, “মেসির প্রতি ভালোবাসা আমাকে আর্জেন্টিনার সমর্থক বানিয়েছে, আর আর্জেন্টিনাই আমাকে চিরদিনের জন্য ভালোবাসায় আটকে রেখেছে।” তাঁর এই পোস্ট মুহূর্তেই ভক্তদের নজর কাড়ে। পোস্টটিতে দেড় লাখের বেশি প্রতিক্রিয়া, হাজারো মন্তব্য এবং শত শত শেয়ার হয়েছে।
জানা গেছে, আর্জেন্টিনা ও অস্ট্রিয়ার ম্যাচটি ঢাকার শাহীনবাগ এলাকার একটি রেস্তোরাঁয় বসে উপভোগ করেছেন পূর্ণিমা। এ সময় তাঁর সঙ্গে ছিলেন স্বামী আশফাকুর রহমান এবং কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু। আশফাকুর রহমানও আর্জেন্টিনা দলের সমর্থক।
পূর্ণিমা , ছোটবেলা থেকেই তিনি আর্জেন্টিনার খেলা দেখে আসছেন। তবে দলের প্রতি তাঁর গভীর ভালোবাসা তৈরি হয়েছে মূলত লিওনেল মেসিকে ঘিরে। তাঁর ভাষায়, “মেসির অভিষেকের পর থেকেই তাঁর খেলা আমাকে মুগ্ধ করেছে। গতকালের ম্যাচেও তিনি অসাধারণ ছিলেন। দুটি গোল করে দলকে জয় এনে দিয়েছেন। মেসির প্রতি মুগ্ধতা থেকেই আর্জেন্টিনার প্রতি আমার ভালোবাসা আরও বেড়েছে।”
পূর্ণিমার পোস্ট করা ছবিগুলোর একটিতে দেখা যায়, আর্জেন্টিনার জার্সি পরে টেলিভিশনের সামনে বসে খেলা উপভোগ করছেন তিনি। অন্য ছবিতে কেক ও ফুলের তোড়া হাতে বিজয় উদ্যাপনের মুহূর্তে ধরা দিয়েছেন জনপ্রিয় এই অভিনেত্রী।
উল্লেখ্য, সোমবার রাতে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাসে অনুষ্ঠিত ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারিয়ে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে আর্জেন্টিনা। দলের হয়ে দুটি গোলই করেন অধিনায়ক লিওনেল মেসি। তাঁর দুর্দান্ত পারফরম্যান্সে উচ্ছ্বসিত হয়েছেন বিশ্বের কোটি কোটি সমর্থকের মতো বাংলাদেশের তারকারাও।





































