নতুন ওয়েব সিনেমায় চুক্তিবদ্ধ হলেন নুসরাত ফারিয়া। ‘গুনিন’ নামের সিনেমাটি পরিচালনা করবেন গিয়াসউদ্দিন সেলিম। রাবেয়া চরিত্রে রূপদান করবেন ফারিয়া। আর এতে তার বিপরীতে অভিনয় করবেন শরীফুল রাজ।
ছবির গল্পটি প্রায় ৫০ বছর আগের। তখনকার রক্ষণশীল গ্রামীণ সমাজের মুসলমান একজন নারী রাবেয়া। এ ধরনের চরিত্রে প্রথম কাজ করতে যাচ্ছেন নুসরাত ফারিয়া। তিনি বলেন, “কাজটি নিয়ে কয়েকমাস ধরে সেলিম ভাইয়ের সঙ্গে কথা হচ্ছে। গল্পটি খুব সুন্দর। রাবেয়া চরিত্রটিও আমার পছন্দ হয়েছে।”
নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম মনে করেন, রাবেয়া চরিত্রটির জন্য নুসরাত ফারিয়াই মানানসই। চরিত্রটি নুসরাতের জন্য নতুন হলেও তিনি সুবিচার করতে পারবেন।
অক্টোবরে ছবির শুটিং শুরু হবে বলে জানান গিয়াসউদ্দিন সেলিম। ইতোমধ্যে রাজ, ইরেশ যাকের, মনোয়ার আজাদ, আবুল কালাম পাভেল চুক্তিবদ্ধ হয়েছেন।
জানা গেছে, কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ছোট গল্প ‘গুনিন’ অবলম্বনে এই সিনেমাটি নির্মাণ করছেন পরিচালক।


































